Ajker Patrika

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২০: ৩১
চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

সিনেমা নির্মাণের শখ থেকেই ছয় শিক্ষার্থীর একসঙ্গে কাজ শুরু করা। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী দলে যুক্ত হন। নিজেদের হাতখরচ ও টিউশনির টাকায় নির্মিত ছবিটির সঙ্গে জড়িয়ে আছে এক ঝাঁক তরুণের আবেগ আর সৃজনশীল ভাবনা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলন ও সর্বাত্মক শাটডাউনের মধ্যেই আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’।

দলটির কেউ ক্যামেরার সামনে অভিনয় করেছেন, কেউ আলোকসজ্জা, শিল্প নির্দেশনা ও সম্পাদনার কাজ করেছেন। কেউ সংলাপ লিখেছেন, কেউবা সুর দিয়েছেন। নিজেদের জীবনের ছোট ছোট বাস্তবতাগুলোই এক সুতোয় গাঁথা হয়েছে আনকোরা এই সিনেমাপ্রেমীদের ‘অন্যপাতা’য়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছবিটি প্রথম ধাপে দেশের ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এক ঘণ্টা ৪০ মিনিটের চলচ্চিত্রটিতে রয়েছে ছয়টি মৌলিক গান ও আবহসংগীত। চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন নৈসর্গিক ও প্রাকৃতিক দৃশ্য উঠে এসেছে ছবিতে।

প্রথম ধাপে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, ঢাকার শ্যামলী সিনেমা, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড শাখা, চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্স, কুমিল্লা ক্যান্টনমেন্টের কে স্ক্রিন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মমো ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে।

চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক এবং চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। কোভিডকালে জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পর তিনি নির্মাতা হওয়ার আত্মবিশ্বাস পান। এরপর তিন বছর চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন অমিতাভ রেজার পরামর্শে। পরে ‘অন্যপাতা’ নির্মাণে হাত দেন।

এ্যানি বলেন, ‘অন্যপাতা তৈরি করতে গিয়ে আমি আবিষ্কার করেছি, আমার চারপাশের মানুষগুলো কতটা সুন্দর ও সহযোগিতাপরায়ণ। ছয়জনের একটি দল থেকে ধীরে ধীরে আমাদের টিম ৪০ জনে পরিণত হয়েছে। তাই মাঝে মাঝে আমরা বলি, অন্যপাতা আমরা তৈরি করিনি, অন্যপাতাই আমাদের তৈরি করেছে।’

সিনেমাটির অন্যতম প্রযোজক অংকন দে অনিমেষ বলেন, ‘আমাদের মূল চ্যালেঞ্জ শুরু হয় সিনেমাটা বানানোর পর। গান, মিউজিক ভিডিও ও শুটিংয়ের কাজ শেষ করার পর আমরা সবাই শিক্ষার্থী হওয়ায় ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন যোগাযোগ ছিল না। ফলে সিনেমা কীভাবে মুক্তি হবে, সেটাই ছিল বড় সমস্যা। অনেকেই হল রিলিজ দিতে ভয় পান, আর সেই ভয় আমাদের মধ্যেও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবু আমরা পিছিয়ে যাইনি। অনেক জটিলতা পেরিয়ে আজ আমরা এই জায়গায় এসেছি। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ১০টি হলে চলছে, এটি আমাদের জন্য অনেক বড় অর্জন।’

প্রযোজনার পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন অনিমেষ। চলচ্চিত্রটিতে অভিনয়ও করেছেন তিনি। শুরুতে পেছনের দৃশ্যে দু-একটি সংলাপ বলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁর চরিত্রটি আলাদা গুরুত্ব পেয়েছে।

চরিত্রটির নিজস্ব গল্প ও বিচিত্র কর্মকাণ্ডে হাস্যরসের পাশাপাশি সমাজের কিছু চেনা বাস্তবতা উঠে এসেছে। প্রকৌশলীদের বেকারত্ব, পলিটেকনিক শিক্ষার্থীদের কোটা এবং প্রকৌশল শিক্ষায় তীব্র প্রতিযোগিতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে চরিত্রটির কথোপকথনে।

সংশ্লিষ্টরা জানান, চলচ্চিত্রটির গল্প তাঁদের নিজেদের জীবনের সঙ্গে সম্পর্কিত। গল্পে কোচিং, ব্যাচ ও মডেল টেস্টের প্রতিযোগিতার মধ্যে এক মধ্যবিত্ত পরিবারের ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তুলে ধরা হয়েছে। কোচিংয়ে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকলেও পরিবারের প্রত্যাশা ও অর্থকষ্টের চাপ নিয়ে সে এগিয়ে যায়। গল্পে ভালোবাসা, পরিচয়সংকট ও জীবনের নানা বাঁকও রয়েছে।

৩৩ দিনের অচলাবস্থার মধ্যেই চুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্মিত চলচ্চিত্রটি সবার দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত