Ajker Patrika

বুয়েটের স্টিম কার্নিভ্যালে ৮ পুরস্কার সামসুল হক খানের

ক্যাম্পাস ডেস্ক 
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২: ২৫
বুয়েটের স্টিম কার্নিভ্যালে ৮ পুরস্কার সামসুল হক খানের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত ন্যাশনাল স্টিম কার্নিভ্যালে অনন্য সাফল্য অর্জন করেছে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ক্লাব ও ক্লাবের সদস্যরা। কার্নিভ্যালের সাতটি ভিন্ন সেগমেন্টে অংশ নিয়ে মোট আটটি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটির খুদে শিক্ষার্থীরা।

কার্নিভ্যালে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তীব্র প্রতিযোগিতায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মেধা, উদ্ভাবনী দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রাখে।

নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাশফিক আহসান কার্নিভ্যালে দেখিয়েছে দারুণ নৈপুণ্য। সাধারণ সায়েন্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কেমিস্ট্রি ও ম্যাথ অলিম্পিয়াডে হয়েছে প্রথম রানারআপ।

তাশফিক বলে, ‘আমরা পাঁচজন মিলে ১১টি পুরস্কার অর্জন করেছি। এই সাফল্য আমাদের আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করছে। ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করতে চাই।’ অত্যন্ত দক্ষ শিক্ষকেরা, ক্লাবের পরামর্শক এবং শ্রেণিশিক্ষকেরা সব সময় আমাদের সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনা দেন। তাঁদের উৎসাহ এবং সহায়ক পরিবেশের কারণেই আমরা নিজেদের প্রতিভা বিকশিত করে আজ এই পর্যায়ে আসতে পেরেছি।’

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ও কেমিস্ট্রি অলিম্পিয়াড—দুই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছে নাদিয়ুল ইসলাম। নাদিয়ুলের কাছে এই অর্জন আত্মবিশ্বাস বাড়ানোর নতুন সিঁড়ি। তার মতে, এমন সাফল্য আরও বড় স্বপ্ন দেখার সাহস দেয়।

স্কুলের বিভিন্ন ক্লাবও শিক্ষার্থীদের জন্য তৈরি করছে নতুন সুযোগ। বই পড়ার পাশাপাশি নিজেদের আগ্রহ ও দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছে তারা।

আইসিটি অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে মো. রাতুল হাসান। ফিজিকস অলিম্পিয়াডেও দেখিয়েছে দক্ষতা। সেখানে হয়েছে দ্বিতীয় রানারআপ। শুধু অলিম্পিয়াডেই নয়, দেয়াল পত্রিকা বা ওয়াল ম্যাগাজিন সেগমেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধিদল। বিজয়ী দলের সদস্য তাশফিক আহসান, শাফিন ও মো. রাতুল হাসান।

এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, বুয়েটের মতো দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কার্নিভ্যালে আমাদের শিক্ষার্থীদের এই অর্জন পুরো প্রতিষ্ঠানের জন্য আনন্দ ও গর্বের। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাস্তব প্রমাণ এই সাফল্য। আমার বিশ্বাস, এই তরুণ মেধাবীরাই ভবিষ্যতে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করতে অগ্রণী ভূমিকা রাখবে।’

শিক্ষক ও অভিভাবকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী মানসিকতা তৈরির ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই সাফল্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত