অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সাত দিন পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ বুধবার এ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আগের সূচি অনুযায়ী, ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৫ অক্টোবর প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা অনুযায়ী, অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ন্যূনতম ২০ শতাংশ ও সর্বোচ্চ ৪০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে।
অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বৃত্তি পরীক্ষা হবে।
বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হলে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে একসঙ্গে।
বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। এ পরীক্ষার ফলের ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ও সাধারণ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। নীতিমালায় পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা আর কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালায় বলা হয়, প্রতিটি উপজেলা সদরে বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে। পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহারে সুবিধাজনক বিদ্যালয়কে প্রাধান্য দিতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের অবকাঠামোর সুবিধা বিবেচনায় প্রয়োজনে একাধিক কেন্দ্র স্থাপন করা যাবে।
বৃত্তি পরীক্ষার সংশোধিত সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট মোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
২০২০ সালের আগে আলাদা করে জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। করোনার সেই বছরে নতুন শিক্ষাক্রমের আলোকে তা আর চালু করা হয়নি। সম্প্রতি আবার পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৪ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৪ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে