
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।
আজ রোববার দুপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সারা দেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।
২০২২–২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। এর মধ্যে গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৪৪। রাজধানী ছাড়াও ১৪টি জেলা শহরে মেডিকেল কলেজের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরগুলোর মধ্যে ছিল রাজশাহী, পাবনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, বগুড়া ও গোপালগঞ্জ। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ কেন্দ্রে অনুস্থিতি ছিল সবচেয়ে বেশি। এ কেন্দ্রে ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসেননি।
দেশে সরকারি–বেসরকারি মেডিকেল কলেজ আছে ১০৮টি। এতে আসন আছে ১১ হাজার ১২২টি। এ বছর আবেদনকারীদের মধ্যে ৪৬ শতাংশ ছাত্র, আর ৫৪ শতাংশ ছাত্রী।
আরও খবর পড়ুন:

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিল্পের চাহিদাভিত্তিক করতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন...
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়েও প্রতিবেদন জমা দিতে পারেনি। বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনেক বড়, তাই একটু সময় লাগবে।’
১৩ ঘণ্টা আগে
চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি ও গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং মিরসরাইয়ে জাতীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল-বেজড প্রোগ্রাম পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন সাইবার সিকিউরিটি কোর্সের প্রথম সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এই পরীক্ষার ফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়।
১৭ ঘণ্টা আগে