Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

‎‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা এবং হেনস্তা করার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‎

আজ ‎মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে।

‎কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে। কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নাফিসা আরেফীন এবং একই বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফাহিম ফয়সল। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎

‎কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার ঘটনা তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজন অনুযায়ী সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

‎এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার বাইরে থাকবে।

‎

‎এর আগে সোমবার প্রায় ৯ ঘণ্টা ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন একদল কর্মকর্তা-কর্মচারী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন তারা।

‎

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও চাকরিচ্যুতির সময়ের বকেয়া বেতন-ভাতা পরিশোধ কিংবা ওই সময়ের পদোন্নতির সুবিধা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা। এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও বেতন পাওয়ার সুযোগ নেই। ফলে আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনগত ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

‎

‎২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। ওই রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতির বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা ছিল না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

‎

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত