Ajker Patrika

ইডেন মহিলা কলেজ

স্বপ্ন যেখানে গবেষণার

মায়মুনা
স্বপ্ন যেখানে গবেষণার
অতিথিদের সঙ্গে ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির নবীন সদস্যরা। ছবি: সংগৃহীত

কিছু স্বপ্নের শুরু হয় ছোট্ট একটি কৌতূহলে, মনের ভেতর উঁকি দেওয়া একটি প্রশ্ন থেকে। সেই প্রশ্ন যখন অনেকের মনে একসঙ্গে দানা বাঁধে, তখন জন্ম নেয় বড় স্বপ্ন। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মনেও তেমনি একটি ‘গবেষণার স্বপ্ন’ বীজ বুনেছে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাত্রা শুরু করেছে ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটি (ইএমসিআরএস)।

১৫৩ বছরের পুরোনো ইডেন মহিলা কলেজে সম্প্রতি গঠিত হয়েছে সংগঠনটি। কলেজ অডিটরিয়ামে হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন। শিক্ষক, গবেষক, বিভিন্ন গবেষণা সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত। এ সংগঠনের লক্ষ্য ইডেনে শিক্ষার্থীদের জন্য একটি গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস এম সাদেক। শুরু থেকে ইএমসিআরএসের সঙ্গে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ইডেনের মেয়েদের শেখার আগ্রহ ও অনুসন্ধিৎসার প্রশংসা করেন। ভবিষ্যতে গবেষণাভিত্তিক ক্লাস, প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দেন। গবেষণার গুরুত্ব নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মনজুরুল করিম। তাঁর বক্তব্যে গবেষণার বিষয়টি যেন পেল আরও গভীর একটি অর্থ। নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তি ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব’—উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে একজন অনুসন্ধিৎসু গবেষক মা দাও, আমি একটি জ্ঞানপিপাসু প্রজন্ম উপহার দেব।’

একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়—সততা ও মৌলিকতা। অন্যের গবেষণা চুরি কিংবা অর্থের বিনিময়ে গবেষণা প্রকাশের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকার পরামর্শও দেন তিনি।

গবেষকের অন্যতম বড় গুণ ধৈর্য। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালামের বক্তব্যে উঠে আসে সেই কথা। সেলাইয়ের সহজ একটি উদাহরণ দিয়ে তিনি বোঝান, একটি কাজ শুরু থেকে শেষ করতে যেমন ধৈর্য ও মনোযোগ লাগে, গবেষণার ক্ষেত্রেও প্রয়োজন একই নিষ্ঠা। সহজ সেই উদাহরণে গবেষণার কঠিন পথটিও যেন হয়ে ওঠে কিছুটা পরিচিত। বোঝা যায়, গবেষণা শুধু মেধার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সময়, ধৈর্য আর নিরন্তর চেষ্টা। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বলেন, শিক্ষা শুধু খাতা-কলমের মধ্যে সীমাবদ্ধ নয়; জানতে হবে, প্রশ্ন করতে হবে, শিখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত