Ajker Patrika

লাল কার্ড দেখানোর পরও কেন তা বাতিল, কী বলছেন দুই কোচ

ক্রীড়া ডেস্ক    
লাল কার্ড দেখানোর পরও কেন তা বাতিল, কী বলছেন দুই কোচ
কার্ড পরিবর্তন নিয়ে ভিন্ন অবস্থানে দুই কোচ। ছবি: সংগৃহীত

বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে এখন দুই রকম কথা বলছেন দুই কোচ।

লা লিগায় গতকাল ১-১ গোলে আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পরই ঘটে বিতর্কিত ঘটনা। ৪৯ মিনিটে বার্সা ডিফেন্ডার জেরার্ড মার্টিন ফাউল করে বসেন আতলেতিকো ডিফেন্ডার থিয়াগো আলমাদার ওপর। রেফারি মাতেও বুসকেতস প্রথমে লাল কার্ড দেখিয়েছিলেন ঠিকই। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলান বুসকেতস। মার্টিনকে এরপর দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘লাল কার্ড পাওয়ার মতো ছিল না ব্যাপারটা। আমার মতে জেরার্ড প্রথমে বল ছুঁয়েছিল। কোনো ফাউল ছিল না।’

মার্টিন প্রথমে লাল কার্ড দেখার পর ডাগআউটে উল্লাস করছিলেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। কিন্তু বার্সা ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখানোর পর তাঁর (সিমিওনে) মুখে হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাঁর মতে মার্টিনকে লাল কার্ড দেখানো উচিত ছিল। এ ব্যাপারে যেন ভবিষ্যতে স্পষ্ট নীতিমালা থাকে, সেই দাবিও রেখেছেন সিমিওনে। সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ বলেন,
‘আমাকে বিষয়টি জানানো হয়েছিল। বেটিস-রায়ো ম্যাচের এমন একটা ঘটনা আগেও দেখেছি। পরে কমিটি রেফারিদের নিশ্চিত করেছিল যে সেটা লাল কার্ডের যোগ্য ছিল। ঘটনাটা স্পষ্ট। সে দেরিতে ট্যাকল করেছে পায়ের ওপর এবং গোড়ালিতে পা দিয়েছে। আর আমাদের কমিটির ব্যাখ্যার জন্য অপেক্ষা করতে হবে যাতে ভবিষ্যতে বিষয়গুলো পরিষ্কার থাকে।’

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১০ জনের দলে পরিণত হয় আতলেতিকো মাদ্রিদ। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে লাল কার্ড দেখেন আতলেতিকো স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেস। আর মার্টিনকে লাল কার্ড দেখানোর পর সেটা দ্রুতই ফিরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত বার্সার কাছে ২-১ গোলে হেরে যায় আতলেতিকো।

মার্টিন লাল কার্ড না পাওয়ায় ম্যাচে কতটা প্রভাব পড়েছে—এমন প্রশ্নের উত্তরে সিমিওনে বলেন,
‘আমরা দুইটি সম্পূর্ণ ভিন্ন অর্ধের কথা বলতে পারি। প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। দুই দলই সুযোগ পেয়েছে। এরপর নিকোর লাল কার্ডের ঘটনা ঘটে। তবে আমি এ ব্যাপারে (মার্টিন ইস্যু) কথা বলতে চাই না। আমরা যা-ই বলি না কেন, তাতে কিছুই বদলাবে না। ঘটনাটা যখন এত পরিষ্কার, তখন কথার প্রয়োজন নেই।’

৩৯ মিনিটে গিলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। সমতায় ফিরতে বার্সেলোনার লেগেছে ৩ মিনিট। ৪২ মিনিটে দানি অলমোর অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের শেষভাগে (৮৭ মিনিট) এসে জয়সূচক গোল করেন রবার্ট লেভানডফস্কি।

আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপায় এরই মধ্যে এক হাত দিয়ে রেখেছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ২৫ জয়, ১ ড্র ও ৪ হারে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পোক্ত করে রেখেছে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯, ৫৮ ও ৫৭। প্রত্যেকেই ৩০টি করে ম্যাচ খেলেছে। যেখানে রিয়াল গত রাতে মায়োর্কার কাছে হেরেছে ২-১ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত