
নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে ৫টি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার নগর ভবনে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
চুক্তি স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় ব্যাংকগুলো ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি অনলাইন ও অফলাইন মাধ্যমে সংগ্রহ করবে। এর ফলে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিকায়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা ডিএসসিসির অন্যতম লক্ষ্য। সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের সম্পৃক্ততা তত বাড়বে। ডিএসসিসিকে যুগোপযোগী করে জনগণের কাছাকাছি নেওয়ার উদ্দেশ্যেই আমরা এই ৫ ব্যাংককে বেছে নিয়েছি।
প্রশাসক আরও বলেন, ‘বর্তমানে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা মাত্র ২ লাখ ৯০ হাজার, যা প্রকৃত সংখ্যার চেয়ে বেশ কম। আমরা করের হার না বাড়িয়ে নতুন নতুন হোল্ডিংকে করের আওতায় আনতে চাই। পাশাপাশি রাজস্ব আহরণ আরও দক্ষ করতে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
ঢাকাকে সুন্দর করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সিটি করপোরেশনের সংগীত বিদ্যালয়, পাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, খেলার মাঠ ও রাস্তার নান্দনিকতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান আবদুস সালাম।
সমঝোতা স্মারকে ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং নিজ নিজ ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাংকিং খাতে রেকর্ড খেলাপি ঋণের চাপ এখন ভয়াবহ রূপ নিয়েছে। খেলাপি ঋণ এখন শুধু আদায় সংকটেই থেমে নেই; বরং ব্যাংকের আয়, আর্থিক সুরক্ষা, মূলধন ও ঋণ দেওয়ার সক্ষমতা সবকিছুর ওপরই একসঙ্গে নেতিবাচক চাপ তৈরি করছে।
৪ ঘণ্টা আগে
হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে তাজা ফল, পাট ও চামড়াজাত পণ্যসহ উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১৯ ঘণ্টা আগে
দেশে শহরকেন্দ্রিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি ব্যাংকগুলো এখন গ্রামমুখীও হচ্ছে। তবে সেখানে বেশি খরচে শাখা খোলার পরিবর্তে ব্যাংকিং সেবার দ্রুত বিস্তার ঘটাচ্ছে কম খরচে ছোট পরিসরের উপশাখায় ভর করে। স্থানীয় আমানত সংগ্রহে ব্যাংকগুলোর এ বিকল্প কৌশলের সুফলও আসছে।
১ দিন আগে
৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিনই আগের দিনের তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার...
১ দিন আগে