
রাজস্ব বাড়াতে জোর চেষ্টা চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকান থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে সংস্থাটি। এর জন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর। আগামী বৃহস্পতিবার অংশীজনদের সঙ্গে বৈঠক করবে সংস্থাটি।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, সারা দেশে সব গয়নার দোকানে ইএফডি বসাবে এনবিআর। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ইএফডি বসানো হবে। এ লক্ষ্যে দুই বিভাগের ১৮টি জেলা নির্বাচন করেছে এনবিআর। জেলাগুলো হলো—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।
এনবিআরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ইএফডি বসানোর কাজ ত্বরান্বিত করতে বাংলাদেশের ২৫টি স্টেকহোল্ডারের সঙ্গে গত ২৩ ডিসেম্বরে সভা হয়। সেখানে তাদের মতামত নেওয়া হয়। পরে ৭ জানুয়ারি কেবল জুয়েলার্স সমিতির সঙ্গে বৈঠক হয়।
জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে বিস্তারিত আলোচনা করে এনবিআর। সেখানে সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করে সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে। এনবিআর থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এরপর গত রোববার নির্ধারিত ওই ১৮টি জেলার বাজার ও এলাকাভিত্তিক দোকানের তালিকা চেয়ে জুয়েলার্স সমিতিকে চিঠি দেয় এনবিআর। এতে সই করেছেন এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল। পূর্ণাঙ্গ তালিকা একবারে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি ও প্রাইস মনিটিরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ১৮টি জেলায় ইএফডি বসানোর জন্য প্রাথমিকভাবে আমাদের সহযোগিতা চেয়েছে এনবিআর। গতকাল রোববার চিঠি পেয়েছি। আমি প্রসেস করে এসব জেলায় বাজুসের সদস্য এবং সদস্যের বাইরের প্রতিষ্ঠানের তালিকা দিয়ে দেব।’
এনবিআরের চিঠিতে আরও বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি অংশীজনদের নিয়ে সচেতনতামূলক অনলাইন সভা করা হবে। এরপরই জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ করবে।

প্রায় ৫০ দিনের নেতৃত্বের টানাপোড়েন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের পোশাক রপ্তানির এককভাবে শীর্ষ গন্তব্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধিই মূলত বছর শেষে সার্বিক পণ্য রপ্তানি ফুলে-ফেঁপে ওঠার ফুয়েল জোগায়। অথচ রপ্তানি ভরসার এই বাজারেই এখন দেখা যাচ্ছে মন্দাবস্থা। আগের তুলনায় পোশাক আমদানি কমিয়েছেন দেশটির ক্রেতারা।
১০ ঘণ্টা আগে
প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে শুল্কবহির্ভূত ৬১টি বাধা চিহ্নিত করেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন। সেগুলোর একটি তালিকা ঢাকার কাছে দিয়ে দ্রুত তার সমাধান প্রত্যাশা করেছিল ইইউ কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ ৪৮টির সমাধান দিয়েছে ঢাকা।
১০ ঘণ্টা আগে
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন নেওয়া শুরু করছে। গত মঙ্গলবার থেকে আবেদন শুরুর পর আজ রোববার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি। সেই হিসাবে মাত্র চার কার্যদিবসে জমা পড়া এসব আবেদনের বিপরীতে
১৩ ঘণ্টা আগে