নিত্যপণ্য আমদানিতে কয়েকশ বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের আমদানি ব্যবসায় বড় কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কমাতে কয়েকশ বিনিয়োগকারীকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের নিয়ে পণ্য আমদানি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব পণ্য বাজারমূল্যে বিক্রি করা হবে। বিনিয়োগকারীরা পাবেন মুনাফার অংশ।
আজ রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, ভোজ্যতেলসহ কিছু নিত্যপণ্য আমদানিতে বিপুল অর্থের প্রয়োজন হয়। এক জাহাজ পণ্য আমদানি করতেই শতকোটি টাকার বেশি বিনিয়োগ করতে হয়। এ কারণে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এসব পণ্যের আমদানি ব্যবসায় প্রবেশ করা কঠিন।
আব্দুল মুক্তাদির বলেন, বিপুল বিনিয়োগের প্রয়োজন হওয়ায় দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের আমদানি ব্যবসা মুষ্টিমেয় প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ রয়েছে। এই পরিস্থিতি বদলাতে টিসিবির আওতায় নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই দীর্ঘদিনের মনোপলি বা মানুষের কনসার্নটা অ্যাড্রেস করার জন্য আগামী দিনে টিসিবির আওতায় একটা পিপিপি ট্রেডিং কার্যক্রম পরিচালিত হবে।’
পরিকল্পনাটি ব্যাখ্যা করতে চিনির একটি চালান আমদানির উদাহরণ দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ধরা যাক, টিসিবি ২০০ কোটি টাকার চিনি আমদানি করবে। এ জন্য বেসরকারি খাত থেকে ২০০ বা ৪০০ জন বিনিয়োগকারীকে আহ্বান করা হবে। প্রত্যেকে ৫০ লাখ বা এক কোটি টাকা বিনিয়োগ করে ওই চালান আমদানিতে অংশ নিতে পারবেন। টিসিবি পণ্য আমদানি করে বাজারমূল্যে বিক্রি করবে। এরপর বিনিয়োগকারীরা তাঁদের প্রাপ্য মুনাফার অংশ পাবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিপুল মূলধনের প্রয়োজন হয়, এমন নিত্যপণ্যের আমদানি ব্যবসা দীর্ঘদিন ধরে আট, দশ বা পনেরোটি ব্যবসায়িক গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ রয়েছে। নতুন ব্যবস্থায় অন্তত কয়েকশ বিনিয়োগকারীকে এই ব্যবসায় যুক্ত করতে চায় সরকার।
তবে এই ব্যবস্থা কবে চালু হবে এবং বিনিয়োগকারী বাছাই ও মুনাফা বণ্টনের নিয়ম কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
টিসিবির সুবিধা এক কোটি পরিবারে উন্নিতের লক্ষ্য
একই আলোচনায় বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে টিসিবির মাধ্যমে প্রায় ৭৮ লাখ পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হচ্ছে। সরকার এই সুবিধা এক কোটি পরিবারে পৌঁছাতে চায়। ভবিষ্যতে টিসিবির মাধ্যমে সরবরাহ করা পণ্যের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে নাজমুন নাহার বলেন, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, শ্রমজীবী মানুষ এবং সীমিত আয়ের প্রবীণদের জন্য নিত্যপণ্যের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে।
বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও কারসাজি বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে না যায়, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত তদারকি করছে।
এ সময় মন্ত্রী ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ১২ নভেম্বরের কয়েকটি নিত্যপণ্যের বাজারদর তুলনা করে দেখান।
মন্ত্রী জানান, ২০২৪ সালের ১২ নভেম্বর বড় দানার মসুর ডালের দাম ছিল কেজিতে ১০৫ থেকে ১১০ টাকা। ২০২৫ সালে ছিল ৯০ থেকে ১১০ টাকা। চলতি বছরের একই দিনে তা ছিল ৯০ থেকে ১০০ টাকা।
মাঝারি দানার মসুর ডালের দাম ২০২৪ সালে ছিল ১১০ থেকে ১২০ টাকা, ২০২৫ সালে ১২৫ থেকে ১৪০ টাকা এবং চলতি বছর ১১৫ থেকে ১২০ টাকা।
ছোলার দাম ২০২৪ সালে ছিল কেজিতে ১৩০ থেকে ১৪০ টাকা, ২০২৫ সালে ১০০ থেকে ১১০ টাকা এবং চলতি বছর ১১০ থেকে ১২০ টাকা।
একইভাবে ২০২৪ সালের ১২ নভেম্বর প্রতি কেজি চিনির দাম ছিল ১২৮ থেকে ১৩৫ টাকা। ২০২৫ সালে ছিল ৯৫ থেকে ১১০ টাকা। চলতি বছরের একই দিনে ছিল ১১০ থেকে ১১৫ টাকা।
তবে সব পণ্যের দাম কমেনি। বাণিজ্যমন্ত্রী জানান, সাধারণ মানের খেজুরের দাম ২০২৪ সালে ছিল কেজিতে ২৫০ টাকা। বর্তমানে তা ৩৫০ টাকা।
মন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম দুই বছর আগের তুলনায় কমেছে। আবার কিছু পণ্যের দাম আগের বছরের তুলনায় বেড়েছে।
সম্পূরক প্রশ্নে নাজমুন নাহার কৃষক ও ভোক্তার মধ্যে পণ্যের দামের ব্যবধান কমাতে সরকারের পদক্ষেপ জানতে চান। একই সঙ্গে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রধান উপায় হলো চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা।
আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ সন্তোষজনক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।









