Ajker Patrika

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

আজকের পত্রিকা ডেস্ক­
দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসর ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। সেই আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের অভিজ্ঞতার আলোকে এবার বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা ও সামগ্রিক আয়োজনকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে জমা দিতে পারবেন।

ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়ন পদ্ধতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডেব) সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। তাঁর মতে, (আইডেব) এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড দেশের মেধাবী ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়ানোর পাশাপাশি পেশাগত মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি ও বিভিন্ন ক্যাটাগরি তুলে ধরেন।

আইডেবের ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এটি শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন চর্চাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। এমন উদ্যোগ দেশের ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে আইডেবের উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইডেব এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে। আর আয়োজনের পরামর্শক হিসেবে রয়েছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত