Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনের দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে এক পুলিশ সদস্যের ওপর পিকআপ ভ্যান তুলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিকআপটির চালক ও তাঁর সহযোগীকে তাৎক্ষণিক আটক করে পুলিশ।

আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানাধীন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে বাসস্ট্যান্ড চৌরাস্তায় যানবাহন রিকুইজিশন ডিউটি করছিলেন ঠাকুরগাঁও সদর ট্রাফিক পুলিশ ও সদর থানার সদস্যরা। বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় দিক থেকে আসা ঢাকা-মেট্রো-ন-১৪-৪০১২ নম্বরের একটি হলুদ পিকআপ শহর চৌরাস্তার দিকে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মো. আব্দুস সালেক গাড়িটি থামার সংকেত দেন।

গাড়িটি থামলে কনস্টেবল সালেক চালককে নথিপত্র নিয়ে সার্জেন্ট মো. শাহাজাহান আলীর সঙ্গে কথা বলতে বলেন। এ সময় পিকআপটির চালক মো. মিজানুর রহমান (৩৮) ও তাঁর সহকারী মো. রায়হান আলম (২৩) নথিপত্র না দেখিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় তাঁরা কর্তব্যরত কনস্টেবল সালেককে হত্যার উদ্দেশ্যে গাড়িটি ডান দিকে মোড় নিয়ে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় ১০-১৫ হাত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কনস্টেবলের আর্তচিৎকার শুনে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয় পথচারীরা ধাওয়া করে পিকআপটি আটক করেন এবং অলৌকিকভাবে প্রাণরক্ষা পান আহত ওই কনস্টেবল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের (জগথা) মো. মিজানুর রহমান এবং ২ নম্বর ওয়ার্ডের (রঘুনাথপুর) মো. রায়হান আলম।

মামলা তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান বলেন, নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি চাকরিজীবীকে আঘাত, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা প্রদানসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং জামিনে মুক্তি পেলে তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আদালতে তাঁদের জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। পরে আদালত কারাগারে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত