সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নেওয়ার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নেওয়ার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে আজ সকালে শাহাব উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে শাহাব উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









