Ajker Patrika

ঢাকাগামী বাসে বেড়েছে যাত্রীর চাপ, মিলছে না টিকিট

প্রতিনিধি, রংপুর 
ঢাকাগামী বাসে বেড়েছে যাত্রীর চাপ, মিলছে না টিকিট

১৯ দিন পর কঠোর লকডাউন শিথিল হওয়ার খবরে কর্মচাঞ্চল্য বেড়েছে পরিবহন সংশ্লিষ্টদের। আজ মঙ্গলবার রাত ১২টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও ৯টা থেকেই ঢাকামুখে যাতায়াত শুরু করেছে দূরপাল্লার যানবাহন। এতে দীর্ঘদিন পর গণপরিবহন চালু হওয়ার খবরে বাসের টিকিট সংকট দেখা দিয়েছে। 

আজ দুপুরে রংপুর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, যাত্রীরা টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরেও মিলছে না টিকিট। দুই একটি কাউন্টারে টিকিট থাকলেও পেছনের সারি ছাড়া আসন ফাঁকা নেই। 

জানা গেছে, রংপুর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ঢাকা অভিমুখে ১০০'র বেশি দূর পাল্লার ডে-নাইট কোচ চলে। কিন্তু লকডাউনে ঢাকায় কিছু গাড়ি আটকে পড়ায় গাড়ি সংকট রয়েছে। 

পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রাত ৯টা থেকে ঢাকা অভিমুখে বাস চলাচল শুরু হয়েছে। আজ ও আগামীকাল বুধবার রাতের টিকিটের চাহিদা বেশি রয়েছে। দিনের টিকিট খালি থাকলেও রাতের টিকিটের চাহিদা বেশি। 
 
হানিফ গাড়ির টিকিট বিক্রেতা শাহিন হোসেন বলেন, আজ রাতের কোন টিকিট নেই। অনেকে টিকিট চাচ্ছেন কিন্তু না থাকলে দেব কোত্থেকে। যাত্রীর চাপ বেশি থাকায় টিকিট শেষ হয়ে গেছে। 

আগমনী এক্সপ্রেসের টিকিট বিক্রেতা আমিনুল ইসলাম জানান, লকডাউনের আগে গাড়ি ঢাকা গেছে। আর ফিরে আসতে পারে নাই। ওই জন্য গাড়ি কম। লকডাউন খোলার পর অনেকে ঢাকায় যাচ্ছে। যারা আগে টিকিট নিয়েছে তাঁরা পেয়েছেন। যারা এখন আসছেন তাঁদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। 

ডিপজল গাড়ির টিকিট বিক্রেতা পরাগ মিয়া বলেন, যাত্রীর চাপ বেশি। চাহিদা অনুযায়ী টিকিট কম। অনেকে আবার গাড়ির পেছনের সিটে যাইতে চায় না। কাল গেলে টিকিট হবে। কিন্তু বেশির ভাগ মানুষ আজকের টিকিট চায়। 

রাজিয়া সুলতানা বিউটি নামে এক যাত্রী বলেন, আমার খুব জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়া দরকার। কিন্তু টিকিট পাচ্ছিলাম না। একজনকে ধরে ৩০০ টাকা বেশি দিয়ে এসি গাড়ির একটি টিকিট পাইছি।  

কোন গাড়ির টিকিট নিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে ওই যাত্রী বলেন, বেশি টাকা দিয়ে টিকিট নিছি। তাই গাড়ির নাম বলা যাবে না। 

ফজলুল হক নামে আরেক যাত্রী বলেন, বাসের টিকিট না পেয়ে মাইক্রোবাসে করে ঢাকায় যেতে হচ্ছে। ভাড়া একটু বেশি হলেও যেতে তো হবেই। 

অপরদিকে, আজ সকালে রংপুর জেলা মোটর মালিক সমিতির সঙ্গে রংপুর বিভাগীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রংপুর জেলা মোটর মালিক সমিতির আহ্বায়ক  কমিটির সদস্য এ কে এম মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে রংপুর বিভাগে গণপরিবহনের অর্ধেক বাস সড়কে চলাচল করবে। এতে পূর্বের নির্ধারিত ভাড়ায় বাসের ৪০ সিটেই যাত্রী বসতে পারবে। এ জন্য প্রশাসন সহযোগিতা করবে। 
 
সভায় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন-রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত