
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলার চেষ্টা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। এতে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫০-৬০ জনকে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে মামলার এজাহারে উল্লেখিত ২০ নম্বর আসামি মো. খায়রুল ইসলাম রয়েছেন। অন্যরা সন্দেহভাজন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মাছুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে পূর্বধলা উপজেলা সদরে ফিরছিলেন। সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল ভরার জন্য গাড়ি নিয়ে যান। সেখানে গাড়ি রেখে মাগরিবের নামাজের জন্য স্থানীয় মসজিদে যান। এর কিছুক্ষণ পরই ১৫টির মতো মোটরসাইকেলে ২৫-৩০ জন যুবক পাম্পে এসে মোটরসাইকেলে তেল নিতে চান এবং সেখানে হট্টগোল করেন। একপর্যায়ে তাঁরা মাছুম মোস্তফার গাড়িটিতে ভাঙচুর চালান। এ সময় মাছুম মোস্তফা নামাজ শেষ করে বের হতে চাইলে বিক্ষুব্ধ যুবকেরা তাঁকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন। ঘটনার সময় ফিলিং স্টেশনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না।
খবর পেয়ে ঘণ্টাখানেক পর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারসহ পূর্বধলা থানা থেকে আরও পুলিশ সদস্য এসে সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১০টার দিকে মাছুম মোস্তফা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং তাঁকে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয় বলে দাবি করেন। পাশাপাশি তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় রাত সোয়া ২টার দিকে তাঁর ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে মামলা করেন।
এমপি মাছুম মোস্তফা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি পদে রয়েছেন।
এ হামলা ভাঙচুরের ঘটনায় রাতেই জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিন্দা জানানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
এদিকে এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলা জামায়াতের নেতা-কর্মীরা।
এ বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, ‘আমি পাম্পে গাড়ি রেখে নামাজ আদায় করতে গেলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমার গাড়ি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা উপজেলা জামায়াতের আমির জয়নাল আবেদিনসহ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। অনেকক্ষণ পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলমসহ পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করেন। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে মামলা হয়েছে। হামলায় নেতৃত্ব দিয়েছেন যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। তাঁকে ২ নম্বর আসামি করা হয়। পুলিশের প্রতি আহ্বান জানাই, আসামিদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, ‘ওই সময় আমি ঢাকায় ছিলাম। সংসদ সদস্যের ওপর হামলার বিষয়টি মোবাইল ফোনে শোনার সঙ্গে সঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এখন শুনছি উল্টো আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। হামলার বিষয়টি যেমন দুঃখজনক তেমনি আমাকে আসামি করাতেও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ, আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করি না। আর যতটুকু জানি আমার দলীয় কোনো নেতা-কর্মী এই হামলা করেননি। আমাকেসহ দলীয় নেতা-কর্মীদের নামে এটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

২৫ বছরের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ১২০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন আব্দুল করিম নামের এক ব্যক্তি। কখনো ভ্যান চালিয়ে, দারোয়ানের চাকরি ও কুলির কাজ করে যা আয় হতো, তার কিছু অংশ জমিয়ে এই কাজ করেন তিনি। সেতু নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে স্থানীয় লোকজন।
৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তাঁর নাতি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯)।
১৪ মিনিট আগে
বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এর আয়োজক। খুলনার ১৪৫তম জন্মদিনে এবারে ছিল ব্যতিক্রম আয়োজন। প্রখর রোদ উপেক্ষা করে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় নেমেছিলেন...
২৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আব্দুল মালেক (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি গ্রামের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত একাব্বর হোসেনের ছেলে।
২৯ মিনিট আগে