Ajker Patrika

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তাঁর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে তাঁদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী মাহাবুব রহমান।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আগামীকাল বৃহস্পতিবার তাঁদের রিমান্ড আবেদনের শুনানি হবে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।

জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। তিনি আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবীও।

গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন নিয়ে আদালতে শুনানি হয়। ওই দিন মামলার চূড়ান্ত প্রতিবেদন এবং পুনরায় জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় আইভীর নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। আইভীও তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ এ ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এদিকে আইনজীবী কাজলকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনটির সভাপতি মনি সুপান্ত ও সম্পাদক দিনা তাজরিন এক বিবৃতিতে বলেন, ‘কাজল ও তাঁর ভাই জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে প্রতিবাদী কর্মসূচিতে সক্রিয় ছিলেন। পেশাগত কারণে আইভীর পক্ষে থাকা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত