
জামালপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। এতে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে জামালপুর পৌর ফিশারিজ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের রেললাইনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা হাতে লাল নিশান নিয়ে রেললাইনে বসে পড়েন। ফলে জামালপুর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা আন্তনগর ট্রেনটি আটকা পড়ে।
খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এর পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা মশাল মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতা-কর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নবগঠিত কমিটি বাতিল না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাদিউর রহমান রাব্বী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদলের যেসব নেতা-কর্মী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন, তাঁদের মূল্যায়ন করা হয়নি। বরং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এ আন্দোলন চলছে। দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তাঁর সহযোগী আলমের নেতৃত্বে একদল লোক জাহিদ হাসান মুসার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেলসহ প্রায় আট লাখ টাকা মূল্যের বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।
১৬ মিনিট আগে
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার এ বিদ্যালয়টিকে তিন দশকে আলোকিত করেছেন ইউসুফ আলী স্যার। তাঁর হাত ধরে গড়ে উঠেছেন বহু চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা। তাঁরা এখন বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে এলাকার মানুষের সেবা করছেন। তাঁর অবদানে কাশুয়া খাদেমগঞ্জসহ
১৯ মিনিট আগে
যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বরের বাসটি পুড়ে যায় এবং ভেতরে থাকা অধিকাংশ মালামাল ছাই হয়ে যায়।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে আসন্ন সরকারের কাছে উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
৩৩ মিনিট আগে