
ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত এক যুবলীগ নেতা জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাই যোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. মিনারুল ইসলাম। তিনি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে খুলনার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন মিনারুল ইসলাম।
মিনারুলের চেক প্রাপ্তির ছবি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, আহত জুলাই যোদ্ধা সি ক্যাটাগরিতে খুলনায় ৬৩ জনের নামে চেক এসেছে। তাঁদের মধ্যে ৫০ জনের প্রত্যেকে এক লাখ টাকার চেক নিয়েছেন। ১৪ মে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনারুল ইসলাম।
জানতে চাইলে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল জানান, উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি, হাসপাতালসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয়। পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তাঁর আবেদন যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে। এ জন্য তাঁর আবেদনের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই।
বিতান কুমার মণ্ডল বলেন, ‘কেউ যদি তার বিষয়ে লিখিত অভিযোগ দেয়, তাহলে সেটি যাচাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। তখন গেজেট থেকে নাম বাদ দেওয়া হবে।’

তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান বলেন, ‘তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিল মিনারুল ইসলাম। ২০২৩ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তাকে বহিষ্কার করা হয়। জুলাই আন্দোলনের সময় সে মধুপুরের বাড়িতেই ছিল। ৪ আগস্ট খুলনায় দলীয় কার্যালয়ে সমাবেশে যোগ দিতে যায়। সেখানে পালাতে গিয়ে টিনের চালে ঝাঁপ দিলে পায়ে কী সমস্যা হয়েছে বলে শুনেছিলাম।’
গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ কার্যালয়ে ছিলেন খুলনা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান জামাল। আত্মগোপনে থাকা জামালের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, ‘৪ আগস্ট মিনারুল ইসলাম আমাদের সঙ্গেই ছিল। ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সে কার্যালয় থেকে লাফিয়ে পড়ে আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই।’
এ ব্যাপারে মোবাইল ফোনে মিনারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জরুরি মিটিংয়ে আছি, ১০ মিনিট পরে ফোন ব্যাক করছি।’ এরপর অনেকবার তাঁকে ফোন দেওয়া হলেও তা ধরেননি। একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১৪ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৩৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে