
গাজীপুরের পর খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। ইভিএমে ধীর গতি হওয়ায় অনেক ভোটার ভোট দিতে এসে উৎসাহ হারাচ্ছেন। এরই মধ্যে ইভিএমে ভোট নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল।
হাতপাখার এই প্রার্থী অভিযোগ করেন, ‘ইভিএম মেশিন অনেক পুরোনো। ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে।’
আব্দুল আউয়ালের সহকারী মো. নাসির আজকের পত্রিকাকে বলেন, ‘খুলনা সিটির ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্র স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের একজন ভোটার হাতপাখায় চাপ দিলেও ভোট নৌকায় চলে গেছে।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ওই কেন্দ্রে গেছি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। প্রিসাইডিং অফিসার আনোয়ারুল কবির বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল বলেন, ‘ইভিএমে এভাবে ভোট হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা রয়েছে।’
৯২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল কবির আজকের পত্রিকাকে জানান, তাঁর কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। হাতপাখার যে ভোটার ছিলেন তিনি একসঙ্গে কয়েকটি বাটনে চাপ দিয়ে মূল বাটনে চাপ দিয়েছেন। পাশাপাশি নৌকা ও হাতপাখার বাটন থাকাতে তিনি বুঝতে পারেননি। এটাতে তাঁর ভোট পরিবর্তন হয়েছে হয়তো।
এরপর তিনি বাইরে এসে অভিযোগ জানালে এখানকার ইভিএম বিশেষজ্ঞরা সেটি দেখেছেন। তবে তাঁর অভিযোগ অনুযায়ী তেমন কিছুই ইভিএমে পাওয়া যায়নি। এখানে আরও অনেক ভোটার আছেন, কেউ এমন সমস্যার কথা কখনো বলেনি।
আনোয়ারুল কবীর বলেন, ‘ওই প্রার্থীর অভিযোগের কোনো সত্যতা এখনো পর্যন্ত এখানে ধরা পড়েনি। তারা অভিযোগ দিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৫০৯ জন। দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৬০০ টি।’
ইভিএমে ধীর গতির অভিযোগ জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুও। তিনি জানান, ইভিএম নতুন প্রযুক্তি। মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে। তাই ভোটগ্রহণ বিলম্ব হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুরের কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকার উঠতি আলুর খেত পানিতে তলিয়ে গেছে। খেতেই নষ্ট হচ্ছে একরের পর একর জমির আলু। এতে নতুন করে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।
১ ঘণ্টা আগে
ভোলা জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের একমাত্র অত্যাধুনিক এক্স-রে মেশিনটি তিন বছরের বেশি সময় অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে প্রয়োজন থাকলেও রোগীরা ক্লিনিকে এক্স-রে করাতে পারছেন না। ক্লিনিকের বাইরে বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের বোনাস না পেয়ে তিন দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্
২ ঘণ্টা আগে
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
৪ ঘণ্টা আগে