টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত ১৭ অক্টোবর "খবর টুঙ্গিপাড়া" নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন ব্যক্তিকে লুডু জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তারপর থেকে উপজেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
উপজেলা প্রশাসন বলেছে, বিষয়টি তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নিজাম শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি পাকুরতিয়া গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে।
ভিডিওতে নিজাম শেখকে বলতে শোনা যায়, ‘১০০ টাকা দেব কেন?’ পাশে থাকা এক ব্যক্তি বলেন, ‘তুমি হারছো, ২০০ টাকা দিবা। আমি চেয়ারম্যানের কাছে আগের পাব। আমি আর চেয়ারম্যান দুজনেই একসঙ্গে জুয়া খেলে হারছি।’
নিজাম শেখ পরে বলেন, ‘ছোটমোটর সঙ্গে এ জন্য খেলতে হয় না।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘সেদিন আমার লস ছিল, আমি টাকা দিতে পারব না।’ একপর্যায়ে ওই ব্যক্তি চেয়ারম্যানকে বলেন, ‘যাও, তোমার ১০০ টাকা দেওয়া লাগবে না।’
নিজাম শেখ পরে বলেন, ‘সেদিন পাঁচ সিঙ্গেল খেলছি আড়াইশো করে। ও গেছে ঠকে, পরে তুই আর আমি খেলছি না।’ পাশে থাকা আরেক ব্যক্তি বলেন, ‘তুমি আর আমি যখন সিঙ্গেলে খেলেছি, তখন তো দুজনের টাকা দিয়েছি।’ জবাবে নিজাম শেখ বলেন, ‘না, আমি ৫০০ টাকা দিয়েছি।’ পরে আরেকজন বলেন, ‘সে তোমারও টাকা নিছে, আমারও টাকা নিছে।’
লুডু জুয়ার লেনদেনের ভিডিও সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান নিজাম শেখ কোনো বক্তব্য না দিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নাম ভাঙিয়ে হুমকি দেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘টাকার বিনিময়ে যেকোনো খেলাই অপরাধ। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’









