গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

গাজীপুরের কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার একটি মেলায় ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার বৃদ্ধ রুহুল আমিন বাবু (৫৭) উপজেলার মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে অনুষ্ঠিত একটি মেলায় সহপাঠীদের সঙ্গে ঘুরতে যায় ভুক্তভোগী শিশুটি। এ সময় তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন রুহুল আমিন বাবু। তখন শিশুটি ডাক-চিৎকার শুরু করলে রুহুল আমিন বাবু বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন এবং গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
এ ঘটনায় আজ শনিবার কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার রুহুল আমিন বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা-পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।









