ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর নাজমুল হুদা নিয়ন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দলের সদস্যরা।
মৃত নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। গত বৃহস্পতিবার দুপুরে স্ত্রী যুথিসহ আরও দুজনকে নিয়ে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন তিনি। পরে তিনজন তীরে ফিরে এলেও নিয়ন নিখোঁজ হন। এরপর স্থানীয়দের সহায়তায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়।
খবর পেয়ে বৃহস্পতিবারই ঘটনাস্থলে পৌঁছে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার দিনভর তল্লাশি চালিয়েও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন জানান, শনিবার তৃতীয় দিনের অভিযানে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাদামাটিতে চাপা পড়া অবস্থায় নিয়নের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









