আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার ডিজেল চুরির অভিযোগে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় ডিজেলভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতু-সংলগ্ন এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
আটক ট্রাকচালকের নাম আল-আমিন (৩৪)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে । রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
পুলিশ জানায়, আল-আমিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ডাম্প ট্রাকের চালক ।
সাভারের আমিনবাজার পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে ট্রাকটিতে ৪০টি কনটেইনারে রাখা ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। এরপর ট্রাকসহ ডিজেল জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন আমিনবাজার ল্যান্ডফিল থেকে ডিজেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে যাওয়ার কথা স্বীকার করেছেন। সেখানে একটি চোরাই তেল চক্রের কাছে তাঁর তেল বিক্রি করার কথা ছিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।









