
রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক আহমেদ (৫৬) নামের দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। সকালে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় স্বদেশ পরিবহনের একটি বাস ফারুককে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।
এসআই আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃত ব্যক্তির ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদি এলাকায়। তাঁর ভাই ফারুক দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে হাজারীবাগ গণকটুলী সিটি কলোনীতে থাকতেন তিনি।
আশরাফুল ইসলাম আরও জানান, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হয়ে যান। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে