Ajker Patrika

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২
ডিবির হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রকল্পে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোজাম্মেল হক (২৯) ও মো. আল আমিন সরদার (২৫)।

ডিবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Bangladesh Real Job’ নামের একটি পেজ থেকে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছিল চক্রটি। অনলাইনে আবেদনকারীদের কাছ থেকে ফরম বিক্রির কথা বলে প্রথমে ৫৮০ টাকা নেওয়া হতো। পরে চূড়ান্ত নিয়োগের প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ হাজার ৫৮০ টাকা আদায় করা হতো। টাকা পাওয়ার পরই বন্ধ করে দেওয়া হতো সংশ্লিষ্ট মোবাইল নম্বর।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের নিয়মিত সাইবার মনিটরিংয়ে বিষয়টি নজরে আসার পর রমনা থানায় একটি মামলা করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার রাত ১২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি বাসা থেকে চক্রের মূল হোতা আল আমিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজ ও মোবাইল সিম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, গত দুই থেকে তিন বছর ধরে বুস্টিং ও বিজ্ঞাপনের মাধ্যমে হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিলেন তাঁরা।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত