Ajker Patrika

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন শুনানির দিনে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানের প্রেক্ষিতে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে গ্রেপ্তারদের আইনি অধিকার নিশ্চিত করা এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগীতা ইমাম বলেন, যে কোনো অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায়সংগত আইনি প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। অভিযোগের প্রকৃতি ও গ্রেপ্তারের আইনি ভিত্তি যথাযথভাবে পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ অক্টোবর বুধবার ভোরে পৃথক অভিযান চালিয়ে আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী মাহবুবুর রহমান তুষারকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, উদীচী নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালতে হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনার পর তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আইনজীবীদের সহকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, তাঁরা পেশাগত কারণে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তারকে কেন্দ্র করে আইনজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গ্রেপ্তারকৃত তিনজনের আইনগত অধিকার সুরক্ষা, তাঁদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের স্বচ্ছ ব্যাখ্যা এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ন্যায়সংগত ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত