স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

জাতীয়করণ ও এমপিওভুক্তির দাবি জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের নেতারা। একই সঙ্গে অনুদানবিহীন যোগ্য মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ইসলাম শিক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান এবং নৈতিক শিক্ষায় ইবতেদায়ি মাদ্রাসার ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য মো. ইকরামুল বারী টিপু বলেন, ‘দীর্ঘ ৪০ বছরের অধিক সময় আপনাদের না খেয়ে থাকার মতো অবস্থা থেকে আপনারা যেসব দাবি নিয়ে এসেছেন, আমি এই দাবির সঙ্গে একমত রয়েছি। এমপিও দিতে হলে একটা নীতিমালা লাগে, সেগুলোরও কাজ চলছে। এ জন্য সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরতে হবে।’
ঐক্যফ্রন্টের চেয়ারম্যান মো. শামছুল আলমের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মুহাম্মদ সাদেকুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব শাব্বির আহমেদ মোমতাজী।
লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, ১৯৯৪ সালে ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা অনুদানভুক্ত করা হয়। বর্তমানে এসব মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তি পেলেও অন্য প্রতিষ্ঠানগুলো এ সুবিধার বাইরে রয়েছে। একই পাঠ্যক্রমে পাঠদান ও প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও শিক্ষকদের বেতন-ভাতায় বৈষম্য রয়েছে।
তাঁদের দাবির মধ্যে রয়েছে, ২০২৫ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী ১ হাজার ৫১৯টি মাদ্রাসার জাতীয়করণ বা এমপিওর গেজেট প্রকাশ এবং যোগ্য অনুদানবিহীন মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারি।








