বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে বালুয়াখালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১১ বছরের শিক্ষার্থী জান্নাতি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ফুফুর বাড়ির পাশের খালে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। রাজশাহী ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে খাল থেকে তার লাশ উদ্ধার করে।
জান্নাতি খাতুন বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে জান্নাতি দাদা-দাদির সঙ্গে নিজ বাড়ি থেকে নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে।
শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর চারমাথা-সংলগ্ন বালুয়াখালে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে জান্নাতি নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে তৎপরতা চালান। দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আথিকুল ইসলাম বলেন, খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে ডুবুরি দল এসে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।










