বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নাজিম উদ্দিন (৪২), ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)।
ডিবি পুলিশ জানায়, একটি চক্র অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা রাখলে বেশি লাভের প্রলোভন দেখিয়ে আরও টাকা নেওয়া হতো। এভাবে চক্রটি অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।









