বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসএস প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন এলাকায় ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দুই শ্রমিক হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন (৫০) ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ (৪২)।
স্থানীয় বাসিন্দা ও সৃষ্টি শিক্ষা একাডেমির শিক্ষক জাকির হোসেন বলেন, ভবনটির নির্মাণকাজ চলছিল। আজ দুপুরে শ্রমিকেরা সেপটিক ট্যাংকের বাঁশ খুলতে যান। এ সময় বিষাক্ত গ্যাসের কারণে তাঁরা দুজনই ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর তাঁদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলা পৌনে ১টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখেন। ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস থাকায় উদ্ধারকর্মীরা প্রথমে সেখানে নামতে পারেননি। পরে অক্সিজেন ব্যবহার করে গ্যাস অপসারণের পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুর আজিজের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।









