
ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলার এজাহার অনুযায়ী, ইউসিবি পিএলসির চট্টগ্রামের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ‘ভিশন ট্রেডিং’ একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। শাখাটির তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. একরাম উল্লাহ এবং শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী প্রতিষ্ঠানটির হিসাব চালু করেন।
ঋণ আবেদনের পর শাখার ক্রেডিট কমিটি মিথ্যা তথ্য দিয়ে সুপারিশ করে, যা পরে করপোরেট অফিসের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। যদিও ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি প্রস্তাবটির সঙ্গে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ যুক্ত করে পরিচালনা পর্ষদে পাঠায়। তা সত্ত্বেও ৪৪৮তম পর্ষদ সভায় ঋণটি অনুমোদন দেওয়া হয়।
তদন্তে দুদক জানতে পেরেছে, ‘ভিশন ট্রেডিং’ নামে বাস্তবে কোনো প্রতিষ্ঠান নেই। এটি আরামিট গ্রুপের মালিক সাইফুজ্জামান চৌধুরীর একজন কর্মচারীকে মালিক সাজিয়ে বানানো কাগুজে প্রতিষ্ঠান। অনুমোদিত অর্থ পরে আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মতো কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়, যেগুলোও সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে নিবন্ধিত।
সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ছাড়া দুদকের মামলায় আসামির তালিকায় ইউসিবি পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ কাদরী, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, ব্যাংকটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট কাগুজে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর নাম রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান, তাঁর স্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সে বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দুদক তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
এ ছাড়া যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে সাইফুজ্জামান ও রুকমীলা জামানের নামে থাকা সম্পত্তি জব্দ করার আদেশ দেয় আদালত।
গত ৫ মার্চ সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকা জমা ছিল। আদালতের অন্য এক আদেশে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দেরও নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে