
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধ বাস কাউন্টার সিলগালা, ফুটপাত দখলমুক্ত এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
গতকাল দুপুরে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের অভিযানে প্রায় ৫০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ ও সিলগালা করা হয়। আগের দিনের অভিযানে বন্ধ করা হয়েছিল ১৮টি কাউন্টার। সব মিলিয়ে একশর মতো অবৈধ বাস কাউন্টারে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলাম।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। সিদ্ধান্ত ছিল—টার্মিনালের বাইরে সব অবৈধ কাউন্টার উচ্ছেদ করে ভেতরে শৃঙ্খলাবদ্ধভাবে কাউন্টার বরাদ্দ দেওয়ার।
অভিযানে স্টারলাইন, শ্যামলী, সাকুরা, লাবিবা, ইউনিক লাক্সারিসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ করা হয়।
ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ কাউন্টারের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ছিল। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
একই দিন দুপুরে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোড এলাকায় পৃথক অভিযানে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।
সরেজমিনে দেখা যায়, অভিযানের খবর পেয়ে অনেক হকার আগেই মালামাল সরিয়ে নিচ্ছিলেন। তবে যেসব অস্থায়ী স্থাপনা রয়ে যায়, সেগুলো ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ হওয়া হকারদের অভিযোগ, আগে কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ অভিযান চালানো হয়েছে। তারা পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ মানবিক নয়। এক হকার বলেন, ‘আগে থেকে জানালে আমরা প্রস্তুতি নিতে পারতাম। হঠাৎ এসে সব ভেঙে দেওয়া ঠিক হয়নি।’
বিকেলে ডিএসসিসি এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন বা আওতাধীন বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহের সামনে বা ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রাখায় বা ফুটপাত দখল থাকার কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, নিজ উদ্যোগে মালামাল অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় সংশ্লিষ্ট পক্ষের বা দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন ও বিধিবিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, তাৎক্ষণিকভাবে ফুটপাত দখলমুক্ত হলেও দীর্ঘ মেয়াদে কার্যকর সমাধানের জন্য হকারদের পুনর্বাসন, নির্ধারিত বাজারব্যবস্থা এবং বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ সমানভাবে গুরুত্বপূর্ণ।

কর্মস্থল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলেও সেখানে তাঁকে পাওয়া যায় না। তাঁকে পাওয়া যায় টাঙ্গাইল জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন ক্লিনিকে। সিজারিয়ান অপারেশন থেকে শুরু করে সব জটিল অপারেশনে অ্যানেসথেটিস্টের (অবেদনবিদ) দায়িত্ব পালন করে থাকেন তিনি।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ও তিনতলা ভবনগুলো যেন শিশুশিক্ষার্থীদের জন্য ‘মরণ ফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্কুল ভবনের গ্রিল ছাড়া বারান্দা এবং ছাদে শিক্ষার্থীদের অবাধ বিচরণ দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। গত ৭ মাসে জেলার দুটি স্কুল ভবন থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে...
৩ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে