Ajker Patrika

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ২
সিআইডির হাতে আটক দুই প্রতারক। ছবি: সিআইডি

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোসাম্মাত জিয়াসমিন আক্তার (২১) ও মো. আব্দুল্লাহ মিয়া (৬৬)। গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, চক্রটি ফেসবুক পেজে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিত। দুরারোগ্য রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসার আশ্বাস দিয়ে তাঁরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। কেউ বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে নানা সমস্যার সমাধানের কথা বলে তাঁর বাসায় যেত কথিত কবিরাজরা।

পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, এরপর বাসায় গিয়ে ঝাড়ফুঁক ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করত চক্রটি। পরে চিকিৎসার অংশ হিসেবে বাসায় থাকা সোনা-গয়না এক জায়গায় করতে বলা হতো। স্বর্ণালংকারগুলো রুমালে মুড়িয়ে পানিতে ডুবিয়ে রাখা এবং সেই পানি পুরো ফ্ল্যাটে ছিটানোর মতো নানা কৌশল করা হতো। এ সময় ভুক্তভোগীর দৃষ্টি অন্যদিকে থাকার সুযোগে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত চক্রের সদস্যরা।

এ ঘটনায় প্রতারণার শিকার এক ভুক্তভোগী গত ২ জুলাই শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডি ঢাকা মেট্রো-পূর্ব ইউনিট।

তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর রাতে ছাতকের ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি আব্দুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির ভাষ্য, জিয়াসমিনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি এবং লকেটসহ একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের মোট ওজন ২১ দশমিক ৮৩ গ্রাম। এগুলোর আনুমানিক বর্তমান বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন প্রতারণার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান ও তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত