Ajker Patrika

‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২: ৪৬
‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’
ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন দুবাইতে আটকে পড়া বাংলাদেশিরা। ছবি: আজকের পত্রিকা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতে অচল পুরো মধ্যপ্রাচ্য। চলছে একের পর এক বিমান হামলা, দূরপাল্লার মিসাইল, ড্রোন হামলা। ফলে বন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল। এই অবস্থায় চরম অনিশ্চয়তায় পড়েছে অসংখ্য মানুষের জীবন। নিরাপত্তাহীনতায় রয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ আরব আমিরাতে অবস্থানরত বহু বাংলাদেশি। তাঁদের অনেকে রয়েছেন দেশে ফেরার অপেক্ষায়। আর তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বড় ঝুঁকি নিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করে দুবাই থেকে ৩৭৮ জন বাংলাদেশিকে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরিয়ে এনেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটটি আজ সকাল সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চরম উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তার পর প্রবাসীরা তাঁদের স্বজনদের কাছে পাওয়ায় বিমানবন্দরে এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দুবাই থেকে আসা সুমাইয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে কেমন লেগেছে, কীভাবে কেটেছে, তা বলে বোঝাতে পারব না। অপেক্ষায় ছিলাম, কখন দেশে ফিরব। ইউএস-বাংলা এয়ারলাইনসের কারণে দেশে ফিরতে পেরে মনভরে শ্বাস নিতে পারছি। দেশের মাটিতে পা রাখতে পেরেছি। অথচ সেখানে বাঁচতে পারতাম কি না, সেটাও নিশ্চিত না।’

দুবাই থেকে আসা যাত্রীরা জানান, দুবাই বিমানবন্দরে তাঁদের দম বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে সব ফ্লাইট বন্ধ হয়ে আছে। বাংলাদেশ বিমানের উড়োজাহাজও দুবাই বিমানবন্দরে আটকা পড়েছে। এই অবস্থায় চরম ঝুঁকির মধ্যেও তাঁদের উদ্ধার করায় ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফ্লাইটটির আরেক যাত্রী ছিলেন আকরাম হোসেন, বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। দুবাইয়ে ১৮ বছর ধরে নির্মাণশ্রমিকের কাজ করেন। তিনি দেশে ফেরার পর আকরাম হোসেন বলেন, ‘আমাদের পাশের বিমানবন্দরেই মিসাইল হামলা হয়েছে। বিমানবন্দর ও বিমানের সব ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। সেখানকার মানুষজন অন্য এলাকায় চলে যাচ্ছিল। অজানা ভয় কাজ করত সব সময়। মনে হতো কখন জানি জীবনটা চলে যায়।’

বিমানবন্দরে আকরাম হোসেনকে নিতে এসেছিলেন তাঁর মা ৭০ বছর বয়সী আজিমুন নাহার। ৫০ বছর বয়সী সন্তান আকরামকে কাছে টেনে জড়িয়ে ধরেন। প্রাণপ্রিয় সন্তানকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আজিমুন নাহার। তিনি বলেন, ‘আমার বুকের ধন, আমার দুনিয়া আমার কাছে এসে পড়েছে। আর কিছুই চাই না। যুদ্ধের খবর পাওয়ার পর থেকে ঘুম আসত না। রাতদিন দুশ্চিন্তায় কাটত।’

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত দুটি বিশেষ ফ্লাইটের প্রথমটি ঢাকায় আসে আজ সকালে। দ্বিতীয় ফ্লাইটটি আজ বিকেল সোয়া ৫টায় ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। তাই যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

কামরুল ইসলাম আরও বলেন, টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত