Ajker Patrika

পীরগঞ্জে শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২০: ৫২
পীরগঞ্জে শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু ও পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাঁদের উৎসাহিত করেন।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো এবং উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। মেধা, সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁদের নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় দক্ষ হতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আজকের অর্জন তাঁদের পথচলার শেষ নয়; বরং আরও বড় সাফল্যের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে তাঁরা পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জিনিয়াস একাডেমি কেয়ারের এ উদ্যোগের প্রশংসা করে তিনি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত