Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কিমি জুড়ে যানজট, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৬: ০৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কিমি জুড়ে যানজট, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২৬ ঘণ্টা ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ারচর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ঢাকামুখী লেনে থমকে আছে গাড়ি চলাচল। যানবাহনের দীর্ঘ সারিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) সকালে আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজ শুরু হয়। তখন থেকে এই যানজটের সূত্রপাত। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত তা ক্রমেই বিস্তৃত হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের অনেকেই খাবার ও পানির সংকটে পড়েছেন। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বয়স্কদের।

হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সময় মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হয়। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়ে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা
সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গতকাল দিনভর যানবাহনের চাপ বাড়তে থাকায় রাতের দিকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। একপর্যায়ে যানজট নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর থেকে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি, ইলিয়টগঞ্জ ও চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

দীর্ঘ যানজটে আটকে থাকা বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে এ পথ অতিক্রম করতে কয়েক ঘণ্টা লাগলেও যানজটের কারণে ৮ থেকে ১০ ঘণ্টাতেও কয়েক কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হচ্ছে না।

সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা
সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের একাধিক যাত্রী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন তাঁরা। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।

স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, ‘শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘ সময় গাড়ি না চলায় সবাই অসহায় হয়ে পড়েছেন।’

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, ‘চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে গাড়ি নিয়ে আটকে আছি।’

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের চালক রিপন মিয়া বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। এখানে কোনো ধরনের সংস্কারকাজ বা প্রতিবন্ধকতা তৈরি হলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত পড়ে। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা বাসের ভেতরে অসহায় অবস্থায় সময় কাটাচ্ছেন।’

সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা
সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এদিকে দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি দাউদকান্দি এলাকায় পৌঁছালেও যানজটের কারণে আর সামনে এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে আমিরুন্নেছা মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের অন্যতম প্রধান কারণ আষাড়িয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে আজ শনিবার দুপুর থেকে যানবাহন চলাচল ধীর গতিতে হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত