
রাশিয়ার অভ্যন্তরে আক্রমণাত্মকভাবে যুদ্ধ করার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা আড়াই বছর ধরে ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে এবং এর মধ্যেই প্রথমবারের মতো রাশিয়ায় হামলার কথা স্বীকার করলেন তিনি।
আজ রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করেছেন, তাঁর সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে। গতকাল শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী ‘হানাদারদের অঞ্চলের’ দিকে যাচ্ছে।
বিবিসি বলছে, রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন তার অভিযান শুরু করার পাঁচ দিন পরে জেলেনস্কির পক্ষ থেকে এই স্বীকারোক্তি সামনে এল। ইউক্রেনীয় এই আক্রমণ রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে এবং সীমান্তের উভয় পাশজুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সুমি অঞ্চলে রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ‘সক্রিয়’ রয়েছে এবং শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বার্তায় তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া কিয়েভ, এর আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের পুরো অঞ্চলে বিমান হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী।
এ ছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের ‘যোদ্ধাদের’ ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, ‘ইউক্রেন প্রমাণ করছে, তাঁরা প্রকৃতপক্ষে ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর ওপর প্রয়োজনীয় চাপও দিতে পারে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে ১০ কিলোমিটারেরও (ছয় মাইল) বেশি এলাকাজুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহরও দখল করার চেষ্টা করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি।
কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ বলেছেন, রোববার ভোরে কুরস্কে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন, এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ‘তাস’ অনুসারে, এরই মধ্যে এই সীমান্ত এলাকা থেকে ৭৬ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্মিরনভ রোববার বলেছেন, তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য অভিযান ত্বরান্বিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
রাশিয়া বলেছে, ট্যাংক এবং সাঁজোয়া যানসহ ইউক্রেনের এক হাজার সৈন্য গত মঙ্গলবার সকালে কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে। এরপর থেকে ইউক্রেনীয় যোদ্ধারা বেশ কয়েকটি গ্রাম দখল করেছে এবং আঞ্চলিক শহর সুদজা দখল করে নেওয়ার হুমকি সৃষ্টি করেছে বলেও জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে