
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর হাসপাতালে মৃত্যু হয়েছে। কারা হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হয়ে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজ দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া বন্দীর নাম গোলাপ রহমান (৬৩)। তিনি চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ–সভাপতি। সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে টেলিফোনে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী।
গোলাপুর রহমান চট্টগ্রামের চাঁদগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি গত ২ নভেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘গোলাপুর রহমান আগে থেকেই হার্টের রোগী ছিলেন। এ কারাগারে আসার পর গত বৃহস্পতিবার থেকে তিনি কারা হাসপাতালে ভর্তি ছিলেন। দুপুর ২টার দিকে কারা হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত অ্যাম্বুলেন্সে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।’
জেল সুপার সুব্রত কুমার জানান, গোলাপুর রহমানের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় গত অক্টোবরে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। পল্টন থানার মামলা নম্বর–৫৩ (১০) ২৩। তিনি গত ২ নভেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। মরদেহের ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী বলেন, ‘কাশিমপুর কারাগারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, দুপুর ২টার দিকে গোলাপুর রহমান কারা সেলে অসুস্থবোধ করেন। তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর লাশ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।’
বাবার মৃত্যুর খবর পেয়ে গোলাপুর রহমানের সন্তানেরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর গোলাপুর রহমানের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক গোলাপুর রহমানের মর্মান্তিক মৃত্যুতে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন গোলাপুর রহমান। সমাবেশের আগের দিন সন্ধ্যায় চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং গোলাপুর রহমানসহ সাতজনকে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ আটক করে। এরপর থেকে তাঁরা কাশিমপুর কারাগারে আছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে