
জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেশে নতুন আরও একটি সাফারি পার্ক নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘নতুন সাফারি পার্ক নির্মাণ করা হলে এটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান হবে সেটা যাচাই-বাছাই করা উচিত। কেননা আমাদের যে দুটো সাফারি পার্ক রয়েছে তা থেকে ব্রেক ইভেন্ট পয়েন্টে পৌঁছাতে পারিনি।’
বাংলাদেশে কতটি সাফারি পার্ক হতে পারে এ নিয়ে একটি নীতিমালা করার জন্য মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। দেশের তৃতীয় সাফারি পার্ক থেকে সরকারের আয়-ব্যয় কি হতে পারে তার প্রাক্কলন তৈরি করে কমিটির আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মাস্টার প্ল্যান ছাড়াও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করার সুপারিশ করে কমিটি।
দেশে বর্তমানে দুটি সাফারি পার্ক রয়েছে। একটি হলো—কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্ক আরেকটি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বাণিজ্যিকভাবে লাভজনক না হলেও বন অধিদপ্তর প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকায় বন কেটে সাফারি পার্ক তৈরির পরিকল্পনা নিয়ে নানা মহলে সমালোচনা উঠেছে।
রাজেন্দ্রপুরে বনের গাছ কেটে রিসোর্টের রাস্তা তৈরি করতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের বিরুদ্ধে সহযোগিতার যে অভিযোগ উঠেছে তা নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। ঘটনা জানতে ইকবাল হোসেন সবুজকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
পরিবেশ, শব্দ দূষণ নিয়ে বাংলাদেশে অনেক আইনি বিধিবিধান থাকলেও মানুষ সচেতন নয় তেমন। ভোটের সময় নির্বাচনী প্রচার-প্রচারণা উচ্চ শব্দ মাইক বাজিয়ে শব্দ দূষণ করা হয়। এ ছাড়া পোস্টার, ব্যানার, ফেস্টুনে পলিথিন ব্যবহার করা হয়। অপচনশীল এসব ব্যানার-ফেস্টুন-পলিথিন পরে পরিবেশের ক্ষতি করে। পরিবেশবান্ধব নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনে প্রস্তাবনা দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরবে বলে কমিটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সংসদীয় কমিটি চূড়ান্ত করা হলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে।
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সবুজ নির্বাচন নির্বাচন হিসেবে দাঁড় করানোর চেষ্টা করব। মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে এটা একটা ভালো সুযোগ।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাজেট বৃদ্ধি এবং নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রটি সচল না থাকায় লিজ প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।

রাজধানী ঢাকায় গতকালের মতো আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
২০ ঘণ্টা আগে
দেশজুড়ে আজ বুধবার রাত থেকে পরবর্তী কয়েক দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। বৃষ্টি ঝরলেও এই সময়ে কখনো গরম বাড়বে, আবার কখনো তাপমাত্রা কমে মিলবে স্বস্তি।
১ দিন আগে
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সারা দেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার সকাল ৯টায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
২ দিন আগে
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৩ দিন আগে