Ajker Patrika

সাত কোটি মানুষই ঐক্যবদ্ধ

জাহীদ রেজা নূর
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১০: ১৪
সাত কোটি মানুষই ঐক্যবদ্ধ

২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ধানমন্ডির বাসভবনের সামনে অগণিত মানুষের উদ্দেশে বক্তৃতা দিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা সহ্য করা হবে না। আমাদের ন্যায্য ও সুস্পষ্ট দাবি অবশ্যই মেনে নিতে হবে।’

এদিন একের পর এক মিছিল আসতে থাকে বঙ্গবন্ধুর বাড়ির দিকে। নারী-পুরুষ-শিশুনির্বিশেষে সমাজের সব শ্রেণির মানুষ এই সব জঙ্গি মিছিলে শরিক হয়। শেখ মুজিব তাদের উদ্দেশে বলেন, ‘বাংলার সাড়ে সাত কোটি মানুষই আজ ঐক্যবদ্ধ এবং কোনো শক্তি জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু তাঁরা যদি তা না চান এবং জনগণকে দাবিয়ে রাখতে চান, তাহলে তা পারবেন না। আশা করি তাঁরা এই ভুল করবেন না। যে পর্যন্ত না বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ মুক্তি পাবে, দাবি আদায় হবে, সে পর্যন্ত সংগ্রাম চলবে। আপনারা শৃঙ্খলাপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যান।’

এদিন প্রেসিডেন্টের উপদেষ্টা ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে পৌনে তিন ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে দুই ঘণ্টার কিছু বেশি সময় কর্মপন্থাটি বিশদভাবে ব্যাখ্যা করা হয়। কর্মপন্থাটির কার্যপ্রয়োগ প্রসঙ্গে বিশেষ ব্যাখ্যার প্রয়োজন না হলে উপদেষ্টা পর্যায়ে আর আলোচনার প্রয়োজন আছে বলে আওয়ামী লীগের নেতারা মনে করেন না। তাজউদ্দীন আহমদ রাতে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্টের উপদেষ্টাদের সঙ্গে ২ ঘণ্টা ৪০ মিনিটের এক বৈঠক শেষে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ফিরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। উপদেষ্টা পর্যায়ে এই বৈঠকে আওয়ামী লীগের নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ এবং ড. কামাল হোসেন অংশ নেন। প্রেসিডেন্টের উপদেষ্টা বিচারপতি এ আর কর্নেলিয়াস, লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা, এম এম আহমদ ও কর্নেল হাসান যোগ দেন। তাজউদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে বাংলার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত চার দফা পূর্বশর্ত পূরণের ভিত্তিতে প্রেসিডেন্ট কতগুলো মূলনীতি মেনে নেন। আমরা তা কার্যকর করার বিষয়ে পরিকল্পনা পেশ করেছি। এ ব্যাপারে চূড়ান্তভাবে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এবার এই রাজনৈতিক সংকটের সমাধান চাইলে প্রেসিডেন্টকে সুস্পষ্টভাবে তাঁর বক্তব্য প্রকাশ করতে হবে।’

এক বিবৃতিতে তাজউদ্দীন আহমদ বলেন, ‘সৈয়দপুর, চট্টগ্রাম এবং অন্যান্য স্থানে সামরিক বাহিনীর কার্যকলাপের যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে, তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি।’

বেলা প্রায় দেড়টায় কাপ্তান বাজারের একটি বাড়িতে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে পুলিশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক দলের সহায়তায় বোমা বিস্ফোরণে আহত সিরাজ উদ্দিন নামে এক দুর্বৃত্ত এবং কাপ্তান বাজার এলাকার আব্দুল হক নামে একজনসহ ৯ জনকে গ্রেপ্তার করে। ঢাকা টেলিভিশন কেন্দ্রে নিয়োজিত সামরিক বাহিনীর লোকজন অনুষ্ঠান প্রচারের ব্যাপারে চাপ ও কাজে ব্যাঘাত সৃষ্টি করা শুরু করলে তার প্রতিবাদে টিভির কর্মচারীরা সব অনুষ্ঠান প্রচার বন্ধ করে প্রতীকী ধর্মঘট পালন করেন।

এদিন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জাগ্রত দেশবাসীকে অভিনন্দন জানানো হয়। ছাত্রনেতারা এক বিবৃতিতে বলেন, ‘মঙ্গলবার সারা বাংলাদেশের আনাচকানাচে যখন স্বাধীন বাংলাদেশের পতাকা স্বতঃস্ফূর্তভাবে উত্তোলন করা হয়, ঠিক সেই মুহূর্তে ওই দিন এবং আজ ঢাকা শহরের কোনো এক এলাকায় একশ্রেণির লোক যেসব বাঙালি স্বাধীনতার পতাকা উত্তোলন করে সেই সব বাঙালির বাড়ি আক্রমণ করে, পতাকা ও বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বোমা নিক্ষেপ করা হয় বলে আমরা অভিযোগ পেয়েছি। শুধু তা-ই নয়, গত মঙ্গলবার প্রতিরোধ দিবসে ঢাকার ফার্মগেট এয়ারপোর্টে নিরীহ জনগণকে মারধর ও নানাভাবে নির্যাতন করা হয়।’ বিবৃতিতে প্রেসিডেন্টের ঢাকা অবস্থানকালে সেনাবাহিনীর নির্যাতনমূলক কার্যকলাপের সমালোচনা করে বলা হয়, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলার জনগণ তথা মুক্তিকামী জনতা তার সমুচিত জবাব দেবে। ঢাকার কোনো এলাকায় একশ্রেণির লোকের অতীতের কার্যকলাপ অনেক সহ্য করা হয়েছে, কিন্তু সেই সহ্যের মূল্য তাঁরা দিতে পারেননি। বাংলার স্বাধীনতা আন্দোলনের পরিপন্থী কার্যকলাপ বন্ধ করা না হলে এই শ্রেণির লোকদের খাদ্য-পানীয় সরবরাহ এবং যানবাহন বন্ধ করে দেওয়া হবে বলে বিবৃতিতে সতর্কবাণী উচ্চারণ করা হয়।

গ্রন্থনা: জাহীদ রেজা নূর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

ইরানকে সাহায্য করছে পুতিনের ‘গোপন হাত’—ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সতর্কতা

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন

হিজবুল্লাহর লাগাম টানতে চায় লেবাননের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনীর না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত