ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডকে ২৭৫ কোটি ডলার জরিমানা করেছে চীনের ই-কমার্স নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। একচেটিয়া ব্যবসা রোধে করা নীতি লংঘন এবং বাজারে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের দায়ে এটি করা হয়েছে। চীনে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি । বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এটি জানা গেছে।
আলিবাবাকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি। গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় আলিবাবাকে এ জরিমানা করা হয়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা।
ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত বছরের অক্টোবরে চীনের বাজার ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছিলেন। তারপর থেকেই এ বিলিয়নিয়ারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়।
গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা এসএএমআর আলিবাবার বিরুদ্ধে ব্যবসায় একচেটিয়া আধিপত্য নিশ্চিতে ‘অনায্য চর্চার’ অভিযোগ নিয়ে তদন্তে নামে।
ওই তদন্তের কেন্দ্রে ছিল একচেটিয়া ব্যবসার মনোবৃত্তি থেকে করা ‘দুটোর মধ্যে একটা বেছে নাও’ চর্চা। এতে মার্চেন্ট বা বিক্রেতাকে আলিবাবার সঙ্গে যে বিশেষ সহযোগিতা চুক্তি করতে হত, তা তাদেরকে অন্য প্ল্যাটফর্মে পণ্য দেওয়া থেকে বিরত রাখত।
তদন্ত শেষে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আলিবাবাকে ১৮০০ কোটি ইউয়ান (২৭৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৩ হাজার কোটি টাকা) জরিমানা করে। আলিবাবা এই বিষয়ে ভেবেচিন্তে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।










