
দেশের হকিতে একটা অদ্ভুত দৃশ্য নিয়মিত হয়ে গেছে। ‘অদ্ভুত’ কিছু নিয়মিত দেখার কথা না। অন্য দেশে যা অদ্ভুত, সেটিই যেন বাংলাদেশ হকিতে নিয়মিত! আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হলে নীল টার্ফে প্রাণের স্পন্দন ফেরে, আর ক্যাম্পের বাঁশি বাজে। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই সব আয়োজন থমকে যায়। দেশের হকির মূল ভিত্তি ঘরোয়া লিগ যেন হিমাগারে বন্দী। প্রিমিয়ার লিগ সর্বশেষ হয়েছিল প্রায় দুই বছর আগে। প্রথম বিভাগ লিগ বন্ধ তারও আগে থেকে। একদিকে ওমানে এশিয়ান গেমস কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন; অন্যদিকে লিগ না থাকায় খেলোয়াড়দের রুটি-রুজির হাহাকার—এই দুই বৈপরীত্য নিয়েই শুরু হলো জাতীয় দলের নতুন ক্যাম্প।
আগামী ২৫ মার্চ ওমানে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস বাছাই। সেই লক্ষ্যে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩৭ খেলোয়াড়কে কুপার টেস্টের জন্য ডাকা হলেও উপস্থিত থাকতে পারেননি গোলকিপার আবু সাঈদ নিপ্পন। প্রথম দিনের ফিটনেস পরীক্ষার ফল খুব একটা আশাব্যঞ্জক নয়। ঘরোয়া লিগ না থাকায় খেলোয়াড়েরা দীর্ঘ বিরতিতে ছিলেন। গতকাল কোচ আশিকুজ্জামান সরাসরিই বলেন, ‘আসলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে প্রচুর ফিটনেস লাগে। যে ধরনের ফিটনেস দরকার, ওই ধরনের ফিটনেস আসলে আমাদের খেলোয়াড়দের এখন নেই।’ যদিও তিনি আশাবাদী যে ওমানে যাওয়ার আগে এই ঘাটতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব।
বাংলাদেশ সর্বশেষ খেলেছে পাকিস্তানের বিপক্ষে, গত নভেম্বরে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। সময়ের সংকট এবং বড় অঙ্কের টাকার অভাবে এবার দল কোনো দেশি বা বিদেশি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘দেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হবে না, দল বাইরে গিয়েও কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না। একটা হলো সময়ের সংকট, আরেকটি আর্থিক সংকট। আর্থিক সমস্যা তো থাকতেই পারে, এটা পৃষ্ঠপোষকের অভাব। আমরা তো চেষ্টা করছি বিভিন্নভাবে।’
ওমানে গিয়ে যদি টুর্নামেন্টের আগে দু-একটি দলের সঙ্গে অন্তত দুই কোয়ার্টার করেও প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, তবে কিছুটা উপকার হবে। তবে অন্ধকার দিকটি ফুটে উঠল অভিজ্ঞ খেলোয়াড় পুষ্কর খিসা মিমোর কথায়। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেলেও তাঁর কণ্ঠে অনিশ্চয়তা। মিমো বলেন, ‘লিগই হচ্ছে হকি প্লেয়ারদের মূল আয়ের উৎস। যেহেতু প্রায় তিন বছর আমাদের লিগ নেই। একটা লিগ না থাকলে খেলোয়াড়েরা কী করবে? বিশেষ করে আমরা যারা বাইরে থাকি। নৌবাহিনী, সেনাবাহিনী বা বিকেএসপিতে যারা আছে, ওরা তো একটা সংস্থার সঙ্গে জড়িত। আমরা যারা বাইরে আছি আমাদের তো কোনো আয়ের উৎস নেই; যেহেতু আমরা হকিকে পেশা হিসেবে নিয়েছি।’
লিগ নিয়ে ক্লাবগুলোর অনীহার কথা বরাবরই বলে থাকে ফেডারেশন। এবারও তাই। ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও কিছু বলতে পারছে না ফেডারেশন। এশিয়ান গেমসের বাছাই না পেরোনোটা অবাকই হবে। গত বছরের ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল করেন আমিরুল ইসলাম। নির্বাচক কমিটি এবার অনূর্ধ্ব-২১ দলের একঝাঁক তরুণের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে দল গড়ার চেষ্টা করছে। আমিরুলের কণ্ঠে তাই আত্মবিশ্বাস, ‘প্রথম আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া এবং এশিয়ান গেমসে যাওয়া। যেহেতু শেষ আমরা এএইচএফ কাপে বাজে খেলেছি। সেটা কাটিয়ে এই টুর্নামেন্টে আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে।’
আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশের হকিতে যতটুকু অক্সিজেন দিচ্ছে, ঘরোয়া লিগ ছাড়া তা দীর্ঘ মেয়াদে শ্বাস ধরে রাখতে পারবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
১ ঘণ্টা আগে
নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। ভারত ম্যাচ ইস্যুতে আইসিসিকে খুশি করলেও আপাতত স্বস্তিতে থাকার উপায় নেই পাকিস্তানের। তাদের এক রকম হুমকিই যেন দিয়ে রাখল যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান মানেই যেন শত্রু শত্রু ভাব। রাজনৈতিক এবং ভৌগোলিক পরিবেশ ছাপিয়ে মাঠের খেলাতেও এখন দুই দেশের মধ্যে বিরাজ করে উত্তেজনা। গত কয়েক বছরে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ব্যতিক্রম চিত্র সংযুক্ত আরব আমিরাত দলে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। যাদের প্রতি সংহতি জানিয়ে গত ১ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার, অনেক আলোচনা-সমালোচনা এবং বৈঠকের পরও সেই বাংলাদেশ এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরেই আছে। এই বিষয়টিই মনে করিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ভারতের
৩ ঘণ্টা আগে