বিতর্ক এড়াতে অ্যাথলেটিকসে বাড়ছে প্রযুক্তির ছোঁয়া

অ্যাথলেটিকসের ট্র্যাকে দৌড়ের লড়াই শেষ হলেও ফলাফল নিয়ে বিতর্কের রেশ থেকে যায় প্রায়ই। সেই বিতর্ক কমিয়ে দ্রুত ও নির্ভুল ফল প্রকাশে প্রযুক্তির ওপর নির্ভর করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পরশু শুরু হতে যাওয়া আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ফটোফিনিশিংয়ের পাশাপাশি ফলাফল প্রদর্শনে থাকছে ডিজিটাল ব্যবস্থা।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। তিনি বলেন, ‘ফটোফিনিশিংয়ের নিখুঁত ও দ্রুত ফলাফলের জন্য ৭ জন বিএসসি ইঞ্জিনিয়ার থাকবেন। ৩-৪টি ডিসপ্লে বোর্ড থাকবে, যাতে আপনারা সবাই দেখতে পারেন। প্রতি ইভেন্ট শেষ হওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে ফলাফল আসবে।’
বাংলাদেশের অ্যাথলেটিকসে ফলাফল নিয়ে প্রশ্ন ওঠার ঘটনা নতুন নয়। গত আসরেও নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে আপত্তি জানিয়েছিলেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। এবার প্রযুক্তির সহায়তায় প্রতিযোগিতার ফল নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে চায় ফেডারেশন।
প্রযুক্তিনির্ভর আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করেছে অ্যাথলেটিকসের নতুন অ্যাডহক কমিটি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপনের ভাষায়, ‘আমরা সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে পাকিস্তান এসএ গেমসে দশটি পদকের লক্ষ্য ঠিক করেছি। অ্যাথলেটিকসের আলাদা ভেন্যু প্রয়োজন। নিবিড় ও দীর্ঘমেয়াদি অনুশীলনের জন্য স্থায়ী আবাসিক ক্যাম্প দরকার।’
তিন দিনের প্রতিযোগিতায় ফুটবল মাঠের ক্ষতি এড়াতে থ্রো ইভেন্টগুলো আয়োজন করা হবে আর্মি স্টেডিয়ামে। পদকজয়ীদের জন্যও থাকছে আর্থিক পুরস্কার। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ৬ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা। কোনো অ্যাথলেট রেকর্ড গড়তে পারলে তাঁর জন্য বরাদ্দ ২০ হাজার টাকা।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ওরিয়ন গ্রুপ, নোমান গ্রুপ, শেলটেক ও টিকে গ্রুপসহ ২০টির বেশি প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দিচ্ছে। ফেডারেশনের সভাপতি ও নোমান গ্রুপের কর্ণধার আব্দুল্লাহ জাবের অ্যাথলেটিকসের উন্নয়নে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, ‘অ্যাথলেটিকসের উন্নয়নে সবার সহযোগিতা চাই। এজন্য অনেক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে। ছোট হলেও যেন অ্যাথলেটিকসের সঙ্গে থাকে।’









