বার্সার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ইসরায়েলি বিস্ময় বালক

বার্সেলোনার মূল দলে অভিষেকের অপেক্ষায় ইসরায়েলি মিডফিল্ডার ওরিয়ান গোরেন। কোচ হান্সি ফ্লিকের ঘোষিত দলে জায়গা পেলে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন তরুণ এই প্রতিভা।
আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় এল ক্লাসিকোতে নামবে বার্সা ও রিয়াল। মর্যাদাপূর্ণ এই লড়াইয়ের আগে গত দুই দিন বার্সার মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন গোরেন। এর আগে প্রাক মৌসুম প্রস্তুতিতেও দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এমনকি খেলেছেন জোয়ান গাম্পার ট্রফিতেও। স্বাভাবিকভাবেই এই মিডফিল্ডারের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা আছে ফ্লিকের।
বর্তমানে বার্সা ‘বি’ হয়ে খেলছেন গোরেন। ক্লাবটির দ্বিতীয় দলের মাঝমাঠে নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে ইসরায়েলের যুব দলের হয়ে খেলতে যাওয়ায় কেবল তখনই অনুপস্থিত ছিলেন তিনি।
গোরেনের মূল দলে ডাক পাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে দানি ওলমোর চোট। স্প্যানিশ এই মিডফিল্ডারের অনুপস্থিতিতে দলে বিকল্প খেলোয়াড়ের প্রয়োজন তৈরি হয়েছে। সেই সুযোগে এল ক্লাসিকোর দলে জায়গা পেতে পারেন ১৭ বছর বয়সী গোরেন।
২০০৯ সালে জন্ম নেওয়া গোরেন ২০২৩ সালে ইসরায়েলি ক্লাব মাকাবি পেতাহ তিকভা ছেড়ে বার্সার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন। বয়সভিত্তিক দলগুলোর হয়ে খেলার পর চলতি মৌসুমে ‘বি’ দলে জায়গা করে নেন এই প্রতিভাবান ফুটবলার।
এত অল্প বয়সে বার্সার দ্বিতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠা গোরেনের উন্নতিরই প্রমাণ। এল ক্লাসিকোর মতো বড় ম্যাচে মূল দলের দলে জায়গা পেলে তাঁর ক্যারিয়ারে যোগ হবে নতুন এক অভিজ্ঞতা।
এল ক্লাসিকো সামনে রেখে আজ দল দেবেন ফ্লিক। তখনই জানা যাবে, বার্সার মূল দলের হয়ে গোরেনের পথচলা শুরু হবে নাকি অপেক্ষা আরও বাড়বে।









