Ajker Patrika

পুলিশের ঘাড়ে মোহামেডানের নিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের ঘাড়ে মোহামেডানের নিশ্বাস
মোহামেডানের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: মোহামেডান

লিগে চার ম্যাচ খেলেই ১২ পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শীর্ষে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ব্যবধানটাও তাই খুব বেশি নয়। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়ে সেই লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে সাদা-কালোরা। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিরতির পর মোহামেডানের দাপট ছিল সবচেয়ে বেশি।

ম্যাচের প্রথম গোলটি পেতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। সুলেমান দিয়াবাতের পাস থেকে জালে বল পাঠান শাহরিয়ার ইমন। ওই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হয়নি তাদের।

৫২ মিনিটে শাহরিয়ার ইমনের পাস পেয়ে ব্যবধান বাড়ান দিয়াবাতে। চার মিনিট পর দিয়াবাতের আরেকটি গোলে মোহামেডানের হয়ে ব্যবধান ৩-০ করেন মুজাফফরভ। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই হারিয়ে ফেলে ওয়ান্ডারার্স। ৮৬ মিনিটে আরিফ হোসেনের গোল তাদের পরাজয়ের ব্যবধান আরও বাড়ায়।

চার ম্যাচের প্রতিটিতেই জেতা মোহামেডানের পয়েন্ট এখন ১২। পাঁচ ম্যাচ খেলা পুলিশ এফসি ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে। আজ মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ। এক ম্যাচ কম খেলেও তাদের খুব কাছে রয়েছে মোহামেডান।

লিগের আরেক ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে পরাজিত করেছে সিটি ক্লাব। জোড়া গোল করেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। এই জয়ে পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত