বার্সার ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা পিএসজি সমর্থকদের

চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে বার্সেলোনার খেলোয়াড়দের বিশ্রামে বিঘ্ন ঘটিয়েছেন পিএসজির সমর্থকদের কয়েকজন। সোমবার দিবাগত রাতে প্যারিসে কাতালানদের টিম হোটেলের সামনে আতশবাজি ফাটিয়ে তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন স্বাগতিক সমর্থকেরা।
দিবাগত রাত ১টায় পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে খেলতে নামবে বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ম্যাচটি নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে বার্সার খেলোয়াড়দের অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছে পিএসজির কয়েকজন সমর্থক।
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতোর প্রতিবেদক হোসে আলভারেসের বরাতে জানা গেছে, রাত ১টা ১৫ মিনিটের পর বার্সার টিম হোটেল দোমেইন দ্য রেইন মারগো প্যারিসের সামনে আতশবাজি ফাটান সমর্থকেরা। তাঁদের উদ্দেশ্য ছিল সফরকারী খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিতে না দেওয়া।
চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচের আগে প্যারিসে এমন ঘটনা অবশ্য নতুন নয়। প্রতিপক্ষের খেলোয়াড়দের ভয় দেখানো এবং ম্যাচের আগে মানসিক চাপে রাখার কৌশল হিসেবে এমন তৎপরতা চালান কিছু সমর্থক।
ম্যাচটিকে নিজেদের বর্তমান অবস্থান যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বার্সার কোচ হান্সি ফ্লিক। তাঁর মতে, পিএসজির বিপক্ষে এই লড়াই হবে নিজেদের সামর্থ্য যাচাইয়ের ভালো পরীক্ষা।
মৌসুমের শুরু থেকেই দুই দল দারুণ পারফরম্যান্স করে আসছে। পয়েন্ট তালিকায়ও এখনই বড় চাপে নেই কেউ। তাই আজকের ম্যাচের ফল কোনো দলের জন্য মহাগুরুত্বপূর্ণ না হলেও ইউরোপীয় ফুটবলে লড়াইটিকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।
বার্সার জন্য চ্যালেঞ্জ শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক সমর্থকদের বৈরী পরিবেশও সামলাতে হবে তাদের। তবে এসবের মাঝেও ফ্লিকের দলের লক্ষ্য পিএসজিকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়া।
চ্যাম্পিয়নস লিগের সবশেষ দুই আসরের শিরোপাজয়ী পিএসজিকে হারাতে পারলে বড় বার্তা দিতে পারবে বার্সা। আগামী সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোর আগে জয়টি আত্মবিশ্বাসও বাড়াবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।









