Ajker Patrika

রোনালদো কি ক্লাবের মালিক হচ্ছেন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৬: ০১
রোনালদো কি ক্লাবের মালিক হচ্ছেন
২০২৩ সাল থেকে আল নাসরের হয়ে খেলছেন সিআরসেভেন। ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসরের মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্লাবটির ৭০ শতাংশ শেয়ার কিনতে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে আলোচনা করেছে এসি মিলানের মালিকানা প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল। সম্ভাব্য এই চুক্তিতে অংশীদার হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই চূড়ান্ত চুক্তির কথা জানায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, আল নাসরের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে বৈঠক করেছে রেডবার্ড ক্যাপিটাল। প্রতিষ্ঠানটি বর্তমানে ইতালির ক্লাব এসি মিলানের মালিক।

সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ১০০ কোটি রিয়াল। তবে নতুন বিনিয়োগকারীকে ক্লাবটির ঋণও পরিশোধ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই বিনিয়োগ উদ্যোগে সৌদি ব্যবসায়ী মোহাম্মদ আল খুরাইজির যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাঁর সঙ্গে আরও কয়েকজন বিনিয়োগকারী অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে পুরো বিনিয়োগ কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।

আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক রোনালদোর সম্ভাব্য অংশীদারত্ব। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, আল নাসরের মালিকানায় যোগ হতে পারে পর্তুগিজ তারকার নাম। তবে তিনি ঠিক কত শতাংশ শেয়ারের মালিক হবেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ আল আনজি এ প্রসঙ্গে বলেন, ‘রোনালদো আল নাসরে এসেছিলেন খেলোয়াড় হিসেবে, এরপর ক্লাবটির প্রেমে পড়েছেন, আর এখন তিনি মালিক হতে চান। এটাই আল নাসরের পরিবেশ।’

রোনালদোর মালিকানায় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। রেডবার্ড ক্যাপিটাল ও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মধ্যে আলোচনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, তার ওপরই অনেক কিছু নির্ভর করছে।

মালিকানা পরিবর্তনের আলোচনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন আল নাসরের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিদ আল ফাররাজের দাবি, ক্লাবটির পুঞ্জীভূত ঋণের পরিমাণ প্রায় ৮০০ মিলিয়ন রিয়াল।

রোতানা স্পোর্ট উইথ ওয়ালিদ অনুষ্ঠানে আল ফাররাজ বলেন, ‘আল নাসরের ঋণ ৮০০ মিলিয়ন রিয়ালের কাছাকাছি পৌঁছেছে।’

তাঁর মতে, গত মৌসুমে নেওয়া ভুল আর্থিক সিদ্ধান্তের কারণে ঋণের বড় অংশ জমেছে। এই পরিস্থিতিতে ক্লাবটির আর্থিক ব্যবস্থাপনায় পরিবর্তন এবং ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ জরুরি হয়ে উঠেছে।

সম্ভাব্য বিনিয়োগ চুক্তি বাস্তবায়িত হলে আল নাসরের মালিকানা কাঠামো ও আর্থিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে পারে। তবে রোনালদো সত্যিই ক্লাবটির মালিকানায় যুক্ত হবেন কি না, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত