স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমানের বিপক্ষে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের স্বপ্ন জিইয়ে রাখা গতকালের জয়টা সাকিব আল হাসানদের স্বস্তি দিলেও বাংলাদেশ দলকে নিয়ে এখনো ‘মজা নিতে’ ছাড়ছেন না কেউ।
স্কটিশ কোচ শেন বার্জারের মতো বাংলাদেশকে ছোটদের পাল্লায় না মাপলেও মাহমুদউল্লাহ রিয়াদের দলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে ভীষণ আত্মবিশ্বাসী পাপুয়া নিউগিনির অলরাউন্ডার চার্লস আমিনি।
আগামীকাল বিকেলে আরেকটি টিকে থাকার লড়াইয়ে নবাগত পাপুয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দুই হারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশটির বিদায় এক রকম নিশ্চিত হলেও কাগজে-কলমে টিকে আছে তারা। বলতে গেলে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তাদের হারানোর কিছু নেই।
এই ব্যাপারটিকেই নিজেদের শক্তির জায়গা হিসেবে দেখছেন আমিনি। আপাদমস্তক ক্রিকেট পরিবারের ছেলেটি (তাঁর বাবা-মা-ভাইও ক্রিকেটার) বলছেন, ‘বড় দলের বিপক্ষে (বাংলাদেশ) এটাই আমাদের প্রথম ম্যাচ। এটা আমাদের সেরা সুযোগও। দুই ম্যাচ হারলেও আমাদের প্রচেষ্টায় গর্বিত। স্কটল্যান্ড ওদের হারিয়ে দিয়েছে। আমি নিশ্চিত আমরাও সেরকম কিছু করে দেখাতে পারি।’
বাংলাদেশের বিপক্ষে ‘বিশাল ব্যবধানে’ জিততে পারলে পাপুয়া নিউগিনির সুপার টুয়েলভের আশা বেঁচে থাকবে আরও কিছুক্ষণ। সে ক্ষেত্রে রাতে স্বাগতিক ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের বড় জয় কামনা করতে হবে। তবে আমিনি এত কিছু ভাবছেন না। বাংলাদেশকে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপটা চিরস্মরণীয় করে রাখাই তাঁর লক্ষ্য, ‘কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা বাংলাদেশকে হারিয়ে দিতে পারি। বিশ্বকাপের ম্যাচে ওদের বিপক্ষে জিততে পারলে ইতিহাস সৃষ্টি হবে।’
বাংলাদেশের বিপক্ষে নামার আগে সাকিবদের সঙ্গে কথা বলতে পারার উত্তেজনাও উঁকি দিচ্ছে ২৯ বছর বয়সী অলরাউন্ডারের মনে, ‘বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে মুখিয়ে আছি, বিশেষ করে সাকিবের সঙ্গে। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমি জানতে চাইব, নিজের খেলাটা কীভাবে সে এগিয়ে নেয়, তার পরিকল্পনা কী থাকে। সেও আমার মতো বাঁহাতি ব্যাটার।’
তবে আমিনি যা-ই বলুন, আজ বাংলাদেশকে ভাবতে হবে শুধু নিজেদের নিয়েই। রাসেল ডমিঙ্গোর শিষ্যদের সামনে সমীকরণটাও সহজ। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ রানে বা ৩ বল বাকি রেখে জিততে পারলেই সুপার টুয়েলভ নিশ্চিত মাহমুদউল্লাহ-মুশফিকদের।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৭ ঘণ্টা আগে