চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

চাকরি পেয়েছেন এক সপ্তাহও হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ঢাকা জেলার কোচের নিয়োগপত্র পেয়েছিলেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন। কিন্তু সেই সুযোগ আর পেলেন কই। এক সপ্তাহের মধ্যে চলে গেলেন না ফেরার দেশে।
মাত্র ৪২ বছর বয়সে আজ মারা গেছেন বিসিবি এসিসি লেভেল-২ কোচ ছোটন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। তাঁর সহকর্মী সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর তিনি ঢাকা জেলার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। বিসিবি কোচের অকালপ্রয়াণে শোকবার্তা প্রকাশ করেছে। শোক জানিয়েছে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও।
২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর ছোটন অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলার কোচ হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মেট্রোর সহকারী কোচের দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি রবি বোলার হান্ট কর্মসূচির ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্বও পালন করেছিলেন।









