অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস জয় পেল দক্ষিণ আফ্রিকা

গেবেখা টেস্টের প্রথম দুই দিনের খেলা দেখে দক্ষিণ আফ্রিকার ইনিংসে জয় তো দূরে থাক, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ফল নিয়ে খুব কম মানুষই আশাবাদী ছিলেন। বৃষ্টির বাগড়ায় প্রথম দুই দিনে কেবল ৪৩ ওভার খেলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অবস্থাও ছিল নড়বড়ে। এখান থেকেই রূপকথার গল্প লেখে প্রোটিয়ারা। ইনিংস ও ৩১ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাল স্বাগতিকেরা।
দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভারে ৪ উইকেটে ১৫৬ রানে আজ পঞ্চম দিনে খেলতে নামে অস্ট্রেলিয়া। প্রথম সেশন চলে যায় বৃষ্টির পেটে। অস্ট্রেলিয়ার ভক্ত-সমর্থকেরা হয়তো তখন বৃষ্টির প্রার্থনা করছিলেন। কারণ, ফলোঅন এড়াতে তখনো প্রয়োজন ১৭০ রান। উইকেটে থাকা ট্রাভিস হেড তুলে নেন ১৩তম টেস্ট সেঞ্চুরি। তবে ৭৫তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে বোল্ড করেই খেলা ঘোরাতে থাকেন ভিয়ান মুল্ডার।
১৯০ বলে ১৫ চারে হেড করেন ১২১ রান। পঞ্চম উইকেটে মারনাস লাবুশেন ও হেডের ৫৯ রানের জুটি ভাঙতেই অস্ট্রেলিয়া পথ হারাতে থাকে। অজিরা গুটিয়ে যায় ২৯৫ রানে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা নিয়েছেন ৪ উইকেট।
গেবেখায় দ্বিতীয় টেস্টে টস হেরে আগে ব্যাটিং পেয়ে দক্ষিণ আফ্রিকার একটা পর্যায়ে স্কোর ছিল ৬ উইকেটে ১১০ রানে। অধিনায়ক টেম্বা বাভুমার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৭৯ রানের ইনিংসে প্রোটিয়ারা ৯ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে। স্কট বোল্যান্ড ৮১ রানে নিয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার পেসার টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৯৯ রানে। মার্কো ইয়ানসেন ৩৩ রানে নেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে ইনিংসে পাঁচবার ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ১ উইকেট। এখন পর্যন্ত টেস্টে তিনি পেয়েছেন ৯৯ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংস ও ৩১ রানে জয়ের ম্যাচে বাভুমা হয়েছেন ম্যাচসেরা। সিরিজের তৃতীয় টেস্ট কেপটাউনে ২৭ অক্টোবর শুরু হবে।









